নীল বণিক, আমাদের ভারত, ১৮ এপ্রিল:
শীতলকুচিতে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো নিয়ে মামলা করলে ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ বর্ধমানের মন্তেশ্বরের সভাতে এই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, আগেও বহুবার লাশ নিয়ে রাজনৈতিক কর্মসূচি করেছেন তৃণমূল সুপ্রিমো, এবারও শীতলকুচি নিয়ে লাশের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শীতলকুচি কাণ্ড নিয়ে অমিত শাহকে বারবার আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে। তার জন্যই তৃণমূলের কর্মীরা মারা গিয়েছেন। বাংলায় গুলি চালিয়ে মানুষকে ভয় দেখানোর চক্রান্ত করেছেন অমিত শাহ। সেই প্রসঙ্গে এদিন অমিত শাহ বলেন, বাংলা বারুদের স্তুুপ। গুলি, বন্দুকের কারখানা বাংলায় চলছে। আমারা একে বদলাব। বুথ দখল করার মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল। তাই শীতলকুচির মতো ঘটনা ঘটেছে। দিদি ঠিককরেছিলেন সেই মৃতদেহ নিয়ে মিছিল করবেন। দিদি এত জঘন্য রাজনীতি করেন ভাবতেও পারছি না। এরকম ব্যাপার আমি আমার জীবনে দেখিনি। এরপরই শীতলকুচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি দেন অমিত শাহ। তিনি বলেন, মামলা আপনি করতে পারেন। তবে, মামলা করলে আপনাদের ভুগতে হবে।

