Amit Shah, BJP, মঞ্চের নিরাপত্তার দায়িত্ব থেকে বাংলার পুলিশকে সরিয়ে দিলেন অমিত শা

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১৩ এপ্রিল: মানুষের আবেগের কাছে হার মানলো নিরাপত্তা। শেষ পর্যন্ত মঞ্চ থেকে বাংলার পুলিশকে নিরাপত্তার দায়িত্ব থেকে সরে যাওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর হাতেই নিজেকে সুরক্ষিত মনে করলেন তিনি। সেই সঙ্গে নিরাপত্তা বেষ্টনী শিথিল করে কর্মী সমর্থকদের মঞ্চের কাছাকাছি ডেকে নিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেই রাস্তার ধারে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে মঞ্চের ‘ডি’ জোনের চারি দিক দখল করে নেয়।

সোমবার দুপুরে বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার কোটাসুরে জনসভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। সেখানে ময়ূরেশ্বর বিধানসভার প্রার্থী দুধ কুমার মণ্ডলের পাশাপাশি উপস্থিত ছিলেন লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা ওরফে হাকু। দুপুর ১২টা নাগাদ সেনাবাহিনীর চপারে কোটাসুরে আসেন অমিত শা। তিনি মঞ্চে উঠে দেখেন রাস্তার ধারে কাঠফাটা রোদে হাজার হাজার কর্মী সমর্থক দাঁড়িয়ে রয়েছেন। এরপরেই বাংলার পুলিশকে অমিত শা বলেন, “বাংলা পুলিশ আপনারা সরে যান। শুধুমাত্র সি আই এস এফ নিরাপত্তা দেখবে। সমস্ত নিরাপত্তা বেষ্টনী খুলে দেন। কর্মী সমর্থকরা শান্ত ভাবে মঞ্চের সামনে চলে আসুন”।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই বাসুদেব বাউল এবং রিনা বাউলের নাম নিয়ে বীরভূম বাউলের জেলা বলে উল্লেখ করেন। এরপর রবীন্দ্রনাথ থেকে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়দের স্মরণ করেন অমিত শা। এরপরেই বীরভূমকে বোমা বারুদের জেলা বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এবার বোমার বদলা ব্যালটে দিন। এবার দিদিকে বাই বাই করে দিন। আপনারা মেশিনে পদ্ম চিহ্ন খুঁজুন, আমরা তৃণমূলের গুন্ডাদের খুঁজে বের করব। আর গুন্ডাদের বলছি, ২৩ এপ্রিল ঘরের মধ্যে থাকুন। নয়তো ৫ মে খুঁজে খুঁজে মারব। যারা কাটমানি খেয়েছে তাদের উলটো করে ঝুলিয়ে সোজা করা হবে। এই সরকারের আমলে মুর্শিদাবাদে হামলা হয়েছে, রামনবমীতে বাধার সৃষ্টি করা হয়েছে। বন্ধ করা হয়েছে সরস্বতী পুজো। ২৩ এপ্রিল বীরভূমে ৮০ সেনাবাহিনী নামিয়ে ভোট হবে। একটা চুল কেউ সোজা করতে পারবে না। আমাদের লক্ষ্য, অনুপ্রবেশকারী হঠানো। কিন্তু এই সরকার তাতে বাধার সৃষ্টি করছে। কিন্তু এই সরকার সীমান্তে জমি দিচ্ছে না। আমরা ক্ষমতায় আসার ৪৩ দিনের মাথায় সীমানা ঘিরে ফলার জন্য জমি দেব। আমরা খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের বের করে বর্ডার পার করব।“

দুর্নীতি প্রসঙ্গে অমিত শা বলেন, “এই সরকার পাঁচ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। আমরা ক্ষমতায় এলে সমস্ত টাকা উদ্ধার করব। আমরা ক্ষমতায় আসার পর বাংলায় আর সন্দেশখালি, আর জি কর, দুর্গাপুর ল’কলেজের মতো ঘটনা ঘটবে না। মহিলারা রাত ৮টা নয়, রাত ১টা পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *