ভুল বোঝাবুঝির জন্য নাগাল্যান্ডের ঘটনা ঘটেছে, সিট গঠন করে হবে তদন্ত, লোকসভায় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের ভারত, ৬ ডিসেম্বর:
নাগাল্যান্ডে ভুল বোঝাবুঝির কারণেই সেনারা গুলি চালিয়েছিল। সোমবার লোকসভায় এমনটাই বিবৃতি দিয়ে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগাল্যান্ডের সেনা ও অসম রাইফেলসের গুলিতে মোট ১৪ জন গ্রামবাসী মৃত্যু হয়। এই ঘটনাকে গভীর দুঃখজনক বলে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে শাহ জানিয়েছেন বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করে এই পুরো ঘটনার তদন্ত করা হবে।

অমিত শাহ আজ লোকসভার বিবৃতিতে বলেছেন, শনিবার রাতে মন জেলা ওটিং গ্রামের কাছে জঙ্গি ভেবে ভুল করে খনি শ্রমিকদের গাড়িতে গুলি চালিয়ে দিয়েছিল সেনা। সেদিন ২১ কমান্ডো ওই অভিযানে গিয়েছিল। তাদের গুলিতে ওই গাড়ির ৮ যাত্রীর মধ্যে ৬ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত দুজনকে সেনারাই হাসপাতালে নিয়ে যায়। এদিকে গুলি চালানোর ঘটনার পরই সেনা ঘাঁটিতে হামলা হয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, গাড়িতে গুলি চালানোর ঘটনার পরেই গ্রামবাসী ওই এলাকায় অসম রাইফেলস ক্যাম্পে চড়াও হয়। আত্মরক্ষার্থে সেখানে সেনা গুলি চালায়। সেই ঘটনায় আরও ৭ জন গ্রামবাসীর মৃত্যু হয়। এরপর আবারও সেনা ও জনতার সংঘর্ষে এক গ্রামবাসীর মৃত্যু হয়। শাহ জানান, গ্রামবাসীদের হামলায় এক সেনা জাওয়ানের মৃত্যু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার তদন্ত করে এক মাসের মধ্যেই রিপোর্ট পেশ করবে বিশেষ তদন্তকারী দল। তবে প্রাথমিক অনুসন্ধানের জন্য ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিক সেখানে পৌঁছে গিয়েছেন।

নাগাল্যান্ড ডিমাপুর স্থিত ভারতীয় সেনার তিন নম্বর কোরের তরফে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়েই সন্ত্রাসবাদীদের ধরতে একটি গ্রামে অভিযান চালিয়েছিল সেনা জওয়ানরা। ভুল করে ঘটে যাওয়া এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। সোমবার লোকসভায় বিবৃতি দেওয়ার সময়েও সেনার এই বিবৃতির কথা উল্লেখ করেন অমিত শাহ।

তবে শনিবার রাতে সেনার গুলি চালানোর ঘটনার তদন্তের জন্য আগেই একটি পৃথক কমিটি গঠন করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *