পায়ের তলার মাটি সরে গিয়েছে, পরিবর্তন হবেই, অডিও ক্লিপ প্রসঙ্গে মমতাকে কটাক্ষ অমিত শাহের

আমাদের ভারত, ২৮ মার্চ:পায়ের তলার মাটি সরে গেছে, ফোন করেও আর কিছু আটকানো যাবে না। অডিও ক্লিপ নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন অমিত শাহ।

বহুদিন হয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তমলুকের নেতা প্রলয় পাল। তিনি এখন তমলুক বিজেপির সাংগঠনিক জেলার সহ-সভাপতি। সেই প্রলয় পালকে ফোন করে তৃণমূলে ফেরার প্রস্তাব দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার ভোট চলাকালীন একটি অডিও ক্লিপ ফাঁস হয়ে যায়। অডিও ক্লিপটি ফাঁস করেছেন রাজ্যের গেরুয়া শিবিরের সহ পর্যবেক্ষক অমিত মালব্য। ওই অডিও ক্লিপে মমতা ও প্রলয় পালের কণ্ঠস্বর শোনা যাচ্ছে।
এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে গতকাল কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, “মুখ্যমন্ত্রীর তাঁর দলের পুরোনো নেতা যিনি এখন বিজেপির সহ-সভাপতি তাঁকে ফোন করে তৃণমূলের কাজ করার অনুরোধ করছেন। সেও যোগ্য জবাব দিয়েছেন, যে আমরা একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাইনি। মমতা বন্দ্যোপাধ্যাযয়ের সুর নরম হয়ে গিয়েছে। তিনি কাকুতি-মিনতি করছেন। অনুনয়-বিনয় করছেন।” বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, “মমতা বলতেন ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। তিনি আজ অনুনয়-বিনয় করছেন কেন? তিনি বুঝেছেন তিনি হারছেন। তাই তাঁর এখন পুরনো সঙ্গী সাথীদের কথা মনে পড়ছে। যারা অপমানিত হয়ে দল ছেড়ে চলে গিয়েছেন।”

ওই এক ইস্যুতে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন অমিত শাহ। তিনি বলেন,”রাজ্যে পরিবর্তন হবেই। পায়ের তলার জমি সরে গেছে তৃণমূলের। ফোন করে আর কিছু হবে না। ”

অন্যদিকে বিজেপি নেতার সাথে তৃণমূল নেত্রীর কথোপকথনের রেকর্ডিং ভাইরাল হওয়ার পর বিজেপি নেতা মুকুল রায় ও শিশির বাজোরিয়ার আরেকটি অডিও ক্লিপ এই বিতর্কে নয়া মাত্রা যোগ করে। মুকুল রায় ও শিশির বাজোরিয়ার ওই অডিও ক্লিপ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ফোন ট্যাপিং গণতন্ত্রে বিরোধী। দুই নেতার ফোন কে ট্যাপ করলো? ওই কথোপকথনে যা আছে তা তো আমরা কমিশনকে লিখিত আকারে জানিয়েছি, তাহলে কোথায় আর ওরা বোমা ফাটালো?” শাহ প্রশ্ন তুলেছেন, “কি ভাবে লিক করা হলো ফোনের কথোপকথন? সেটা জানতে চাই। কেমন গণতন্ত্র চলছে রাজ্যে? বিরোধীদের ফোন ট্যাপ করা কি ঠিক?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *