সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৫ মে: প্রায় এক বছর পর ফের বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’ দিনের সফরে রাজ্যে পৌঁছালেন তিনি। দু’ দিনের সফরে বিএসএফের একাধিক কর্মসূচিতে যোগ দিলেন অমিত শাহ। বৃহস্পতিবার দমদম বিমান বন্দরে শাহকে স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এর পরেই বিশেষ বিমানে হিঙ্গলগঞ্জে যান শাহ। হিঙ্গলগঞ্জে পৌঁছে বোট অ্যাম্বুলেন্স এবং বিএসএফের ভাসমান আউটপোস্টের উদ্বোধনও করলেন অমিত শাহ। মোট ছ’টি ভাসমান আউটপোস্টের উদ্বোধন করেন। সেই উদ্বোধন মঞ্চে দাঁড়িয়ে শাহ বলেন, এই আউটপোস্ট বসানোর ফলে অনুপ্রবেশকারীদের রোখা যাবে। চোরা কারবারীদের ধরা যাবে। এর পর সীমান্তরক্ষীদের প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বছরের পর বছর তারা স্থানীয়দের মানবাধিকার রক্ষা করছে। মুক্তিযুদ্ধের সময়েও এগিয়ে এসেছিল এই বিএসএফ বাহিনী। তারা বাংলাদেশের মানুষের মানবাধিকার রক্ষা করেছে।
বিসএফ সদস্যদের উদ্দেশে শাহ বলেন, ‘আমি জানি, যে সব সেনা জওয়ানরা সীমান্ত এলাকা পাহারার দায়িত্বে রয়েছেন, তাঁদের কাজ কতটা কঠিন। আপনাদের সব সময়ই সতর্ক থাকতে হয়।’ অমিত শাহ জানান, সীমান্ত সামলানোর দায়িত্বে থাকা সেনা সদস্যরা যাতে কম সমস্যার মুখোমুখি হন, তা নিশ্চিত করেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই সচেষ্ট। তিনি সীমান্তরক্ষীদের সমস্ত সমস্যার কথাই জানেন বলেও তিনি উল্লেখ করেন।

এদিন বেলা একটা নাগাদ বনগাঁর ভরত–বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করেন অমিত শাহ। তিনি বলেন, সীমান্তরক্ষীদের ত্যাগ, সমস্যা বিষয়ে অবহিত প্রধানমন্ত্রী। সীমান্তরক্ষীদের সমস্যা যাতে কমানো যায় তা তিনি নিশ্চিত করতে চান। তাঁর কথায়, ‘কঠিনতম পরিস্থিতিতে সীমান্ত রক্ষা করে চলেছে বিএসএফ’।
বনগাঁ পেট্রাপোল সীমান্তে এদিন উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, গাইঘাটা বিধান সভার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া, বনগাঁ দক্ষিণ বিধায়ক স্বপন মজুমদার এবং বনগাঁ পৌরসভার কাউন্সিলর দেবদাস মন্ডল, প্রমুখ।

