বিজেপির পরিবর্তন যাত্রার রথ উদ্বোধনে কাকদ্বীপে আসছেন অমিত শাহ, প্রস্তুতি খতিয়ে দেখলেন কৈলাস

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৫ ফেব্রুয়ারি: আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিজেপির পরিবর্তন যাত্রা। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে সেই পরিবর্তন যাত্রার রথ উদ্বোধন করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রথ উদ্বোধনের আগে অবশ্য কাকদ্বীপে একটি সভা করবেন অমিত শাহ। ইতিমধ্যেই কাকদ্বীপের ইন্দিরা ময়দানে সেই সভার প্রস্তুতি শুরু হয়েছে। সোমবার সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে কাকদ্বীপে আসেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী। সভাস্থলের সমস্ত দিক ঘুরে দেখেন তিনি। কথা বলেন দলীয় কর্মীদের সাথেও।

বিজেপি সূত্রের খবর, আগামী ১৮ ফেব্রুয়ারি কলকাতা থেকে প্রথম গঙ্গাসাগরে যাবেন অমিত শাহ। সেখানে কপিল মুনির মন্দিরে পুজো দেবেন তিনি। পুজোর কাজ মিটলে সেখান থেকে রওনা দেবেন কাকদ্বীপের সভাস্থলের উদ্দেশ্যে। সভায় বক্তব্য রাখার পর পরিবর্তন যাত্রার উদ্বোধন করবেন শাহ। এরপর সভাস্থল থেকে স্থানীয় বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে সেখানে দুপুরের আহার গ্রহণ করবেন। আহার শেষে কাকদ্বীপ শহরে এসে রথে যোগ দেবেন তিনি। সেই পরিবর্তন যাত্রার রথে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা শাহের। এদিন কৈলাস বিজয়বর্গী সভাস্থল পরিদর্শনে এসে অমিত শাহের কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানান। পাশাপাশি, সভায় প্রচুর মানুষের সমাগম হবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা চালানোর ঘটনায় আরও একবার নিন্দা করেন কৈলাস বিজয়বর্গীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *