এত জোরে পান্ডবেশ্বরে পদ্মফুলে বোতাম টিপুন যে কলকাতাতে দিদির কারেন্ট লাগে, কটাক্ষ শাহের

আমাদের ভারত, ১৯ মে: এতো জোরে পান্ডবেশ্বরে পদ্মফুলে বোতাম টিপুন যে কলকাতাতে দিদির কারেন্ট লাগে। আজ ভোট প্রচারে পশ্চিম বর্ধমানে এসে এভাবেই তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে ভোট প্রচারে এসে সব জনসভা থেকেই তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন মোদী-শাহ দুজনেই। সোমবারেও তার অন্যথা হলো না। পশ্চিম বর্ধমানের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির সমর্থনে পাণ্ডবেশ্বরের সভা থেকে কয়লা কান্ডের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলোধোনা করেন অমিত শাহ।

আজ পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাদারবুনিয়া এলাকায় জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেন,”এই বর্ধমান জেলা কয়লা চুরির জন্য প্রসিদ্ধ। সিবিআই কয়লা কাণ্ডে এক মিশ্রকে ধরেছে। আর সঙ্গে সঙ্গেই ময়দানে নেমে পড়েছে দিদির ভাইপো।” অমিত শাহের কথায় , “দিদি এক চ্যানেলে বলছেন বিনয় মিশ্র সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আবার দিদির ভাইপো অন্য চ্যানেলে বলছে বিনয় মিশ্রকে প্রতারিত করা হয়েছে।”

নির্বাচনের জয় নিয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ বলেন, সব জায়গা ঘুরে দেখলাম ২মে দিদি যাচ্ছেন। ২০০-র বেশি আসনে বিজেপি জিতব আর কাটমানির সরকার, সিন্ডিকেটের সরকার, অনুপ্রবেশকারীর সরকার চলে যাবে।

এদিনের জনসভা থেকে শাহ আর্জি জানান ২মে পরিবর্তন করে দিন, তাহলে মানুষ তো দূরের কথা একটা পাখিও মরবে না। তার অভিযোগ, “দিদি আসলে কখন তার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাবেন সে দিকেই নজর, মানুষের দিকে তার নজর নেই”।

অমিত শাহ, বলেন বিজেপি ক্ষমতায় এলে এই রাজ্যের মেয়েদের কেজি থেকে পিজি পর্যন্ত স্কুলের ফি দিতে হবে না। দিদির গুন্ডারা আর মানুষকে জ্বালাতন করবে না। পন্ডবেশ্বরের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, পাণ্ডবেশ্বরে পদ্মফুলে এত জোরে বোতাম টিপুন যাতে কলকাতায় দিদির কারেন্ট লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *