আমাদের ভারত, ২৮ ডিসেম্বর:
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ের বুধবার ৪ জঙ্গির মৃত্যুর পরেই দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সাথে তড়িঘড়ি বৈঠকে বসলেন অমিত শাহ। ধারাবাহিকভাবে কাশ্মীরি পন্ডিতদের খুনের ঘটনা ও ড্রোনের মাধ্যমে অস্ত্র ও জঙ্গি অনুপ্রবেশ ঠেকানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে।
বুধবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঐ বৈঠকে তাঁর মন্ত্রকের আধিকারিকদের পাশাপাশি বিএসএফ, সিআরপিএফ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি এবং গুপ্তচর সংস্থা র’য়ের উচ্চপদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন। শাহের বৈঠকে কাশ্মীর উপত্যকায় সাম্প্রতিক সময় হিন্দু পণ্ডিতদের খুনের ধারাবাহিক ঘটনা নিয়ে আলোচনা, পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গি অনুপ্রবেশ এবং ড্রোনের মাধ্যমে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গিদের অস্ত্র বিস্ফোরক পাঠানোর ঘটনা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
জম্মু-কাশ্মীরের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের পরিস্থিতি নিয়েও বুধবার আলাদা করে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার জম্মুর কাছে উধমপুরে ১৫ কেজি আইইডি উদ্ধার করেছে পুলিশ। দাবি করা হচ্ছে, বড়সড় নাশকতার ছক বানচাল হয়েছে। এছাড়া লস্কর ই তৈবার একটি সাংকেতিক চিহ্নওয়ালা খাতার পাতা উদ্ধার হয়েছে। গ্রেফতার হয়েছে এক সন্দেহভাজনজঙ্গি।
এরপর গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালের জম্মুর সিদ্রায় জাতীয় সড়কের তাওই ব্রিজে জঙ্গিদের ট্রাক ঘিরে অভিযান চালানো হয়। তাতে নিহত হয় চার জঙ্গি। নিহত জঙ্গিদের কাছ থেকে একে সিরিজের রাইফেল, আমেরিকায় তৈরী আধুনিক এম ফোর কার্বাইন পাওয়া গেছে। জম্মু-কাশ্মীর পুলিশের অতিরিক্ত ডিজি মুকেশ সিং জানিয়েছেন, নিহত জঙ্গিদের একজন পাক নাগরিক। ট্রাকের চালকও সম্ভবত এক জঙ্গি। গোলাগুলির মধ্যে সে পালিয়ে গিয়েছে। তার খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

