মমতা দিদির পায়ে আঘাত! ভগবান জানেন আসল সত্যিটা কি: অমিত শাহ

আমাদের ভারত, ১৫ মার্চ: ভোটের সময় মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে। এদিকে সোমবার বাঁকুড়ার রানিবাঁধের জনসভায় মমতার দ্রুত আরোগ্য কামনা করার সাথে সাথে তাঁকে কটাক্ষও করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “মমতা দিদির পায়ে চোট লেগেছে। তৃণমূল বলছে ষড়যন্ত্র হয়েছে। কমিশন বলছে দুর্ঘটনায় চোট পেয়েছেন। ভগবানই জানেন সত্যিটা কি।”

যদিও এরপরই তিনি বাংলায় বিজেপি নেতাকর্মীদের হত্যার প্রসঙ্গ তুলে ধরেন তাঁর বক্তব্যে। অমিত শাহ কটাক্ষের সুরে বলেন, “বাংলায় কমিউনিস্ট সরকারের বিদায়ের সঙ্গে সঙ্গে মানুষ ভেবেছিল এই রাজ্যে রাজনৈতিক হিংসা কমবে। কিন্তু ইতিমধ্যে বিজেপির ১৩০ জন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। মমতা দিদির পায়ের চোটের জন্য সকলে দুঃখ পেয়েছেন। কিন্তু এতজন রাজনৈতিক নেতা-কর্মীর মৃত্যুতে দিদি দুঃখ পাননি। তাদের মায়েদের জন্য চোখের জল ফেলেননি।’

এরপরই চ্যালেঞ্জের সুরে শাহ বলেন, বাংলার মানুষ ইভিএমে এর জবাব দেবে। অন্যান্য দিনের মতো এদিনও বাংলায় কাটমানি সিন্ডিকেট কালচার নিয়ে আক্রমণ করেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে-কমিশন, আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করার প্রতিশ্রুতি দেন তিনি।।

তবে আদিবাসী অধ্যুষিত এই রানীবাঁধে এদিন তাঁর কথায় বারবার উঠে এসেছে আদিবাসী উন্নয়নের কথা। তিনি বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে আদিবাসী উন্নয়নে ১০০ কোটি টাকা খরচ করবে। এখন আদিবাসীদের শংসাপত্র নিতে ১০০ টাকা ঘুষ দিতে হয়। বিজেপি সরকার গড়লে আর সেটা হবে না। বরং বাড়ি গিয়ে শংসাপত্র পৌঁছে দেওয়া হবে। বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে ৪৯টি জঙ্গল উৎপাদিত দ্রব্য ন্যূনতম মূল্যে কিনবে বিজেপি সরকার। ৩৯ হাজার হেক্টর জমিতে জল পৌঁছে দেওয়ার কাজ করবে। পণ্যের যোগাযোগ যাতে জঙ্গলমহলে ভালো হয় সে ব্যবস্থা করবে সরকার। আদিবাসী এলাকায় প্রতিটি তহশীলে একটি করে মডেল স্কুল তৈরি করবে বিজেপি সরকার। বিরসা মুন্ডা স্মরণে আদিবাসী সংগ্রহশালা ঝাড়গ্রামে তৈরি করা হবে। এছাড়াও শিক্ষকদের উদ্দেশ্যে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, তারা ক্ষমতায় এলে একটি কমিশন তৈরি করে শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *