গান্ধীজীর স্বদেশী আন্দোলনেরই নতুন সংস্করণ মোদীর “আত্মনির্ভর ভারত”, দাবি অমিত শাহের

আমাদের ভারত, ৩০ জানুয়ারি: মহাত্মা গান্ধীকে মানুষ মনে রাখলেও তার হাত ধরে এগিয়ে আসা খাদির ঐতিহ্যের কথা প্রায় ভুলে গিয়েছিল সবাই। কিন্তু মোদী সরকার খাদি শিল্পকে আবার ফিরিয়ে এনেছে।

রবিবার গান্ধীজীর ৭৪তম মৃত্যুবার্ষিকীতে আমেদাবাদের তার দেওয়াল চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি খাদি শিল্পকে আবার ফিরিয়ে আনাই মোদী সরকারের আত্মনির্ভর ভারতের অন্যতম প্রতীক।

অমিত শাহ বলেন, “বাপু আমাদের শিখিয়েছিলেন খাদি গুরুত্ব। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা ভুলে গিয়েছিলাম। গুজরাটের সন্তান নরেন্দ্র মোদীর হাতে পুনরুজ্জীবিত হয়েছে খাদি শিল্প।” শাহের কথায়, “মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত হলো বাপুর স্বদেশী আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।” স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন করেন, গুজরাটবাসী যেনো অন্তত একটা ব্যবহার্য জিনিস খাদির ব্যবহার করেন, সেটা রুমাল হতে পারে।

স্বাধীনতার পর গান্ধীজি শক্তিশালী ভারত তৈরির চিন্তা ধারা প্রায় সকলেই ভুলে গিয়েছিলেন।দেশের প্রধানমন্ত্রী হয়ে মোদী তাকে নতুন আঙ্গিক দিয়েছেন। শাহের কথায় গান্ধীজী শুধু ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধ করেননি, স্বদেশী, সত্যাগ্রহ, স্বভাষা, সাধন সিদ্ধি, অপরিগ্রহ, প্রার্থনা, উপোস এবং সরলতার মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর দেশকে পুনর্গঠনের প্রস্তাব দিয়েছিলেন। গান্ধীজীর এই চিন্তা ধারাকেই বিজেপি সরকার নানাভাবে কাজে লাগিয়েছে বলে দাবি করেছেন অমিত শাহ। তার বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, দেশের নতুন শিক্ষানীতিতে মাতৃভাষার উপর জোর দেওয়া হয়েছে। শিল্পের ক্ষেত্রে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে খাদি শিল্পকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *