নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১২ ফেব্রুয়ারি: তৃণমূল কংগ্রেসের দুয়ারের সকারের মোকাবিলায় এবার মানুষের বাড়ি বাড়ি পৌঁছে রাজ্য বিজেপি নেতৃত্বকে প্রচারের নির্দেশ দিলেন অমিত শাহর। বৃহস্পতিবার কোচবিহার এবং ঠাকুরনগরে জনসভার পর কলকাতায় এক অভিজাত হোটেলে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকেই দিলীপ ঘোষ, মুকুল রায়দের এই নির্দেশ দিয়েছেন তিনি।
দিনভর ঠাসা কর্মসূচি শেষ করে, রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে একটি গোপন বৈঠক করেন। যে বৈঠকে হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, রাজিব ব্যানার্জি। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয় শিব প্রকাশ এবং মুকুল রায়।
বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার নির্দেশ দিয়েছেন। বুথে বুথে গিয়ে সরাসরি মানুষের কাছে পৌঁছানোর কথা বলেছেন তিনি। বড় মিটিং এর থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলে বেশি সাড়া পাওয়া যাবে, তাই বড় জনসভা এড়িয়ে বুথ পর্যায়ে ছোট ছোট সভা করার কথা বলেছেন অমিত শাহ।
দলের নেতাদেরও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে ভোটের আগে কোন বুথ কমিটি কতটা তৈরি তাও বোঝা যাবে বলে মনে করেন অমিত শাহ। সেই জন্য দেরি না করে এবার ফেব্রুয়ারি মাস জুড়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার নির্দেশ দিয়ে গেলেন তিনি।

