নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৭ এপ্রিল: সিঙ্গুরে শিল্পায়নের পরিবেশ নষ্ট হওয়ার জন্য মমতাকে দায়ী করলেন অমিত শাহ। বুধবার হুগলীর সিঙ্গুরে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রোড শো চলাকালীন বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শিল্প তাড়িয়েছে তৃণমূল।

উল্লেখ্য, সিঙ্গুরে অনিচ্ছুক জমিদাতাদের জমি ফেরানোর জন্য টানা লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইয়ের জন্য সিঙ্গুর ছেড়েছিল টাটা গোষ্ঠী। ন্যানো কারখানা রাতারাতি পশ্চিমবঙ্গ থেকে চলে গিয়েছিল গুজরাটে। অনিচ্ছুক কৃষকদের নিয়ে কৃষক আন্দোলন করে জয় পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে সেদিনের আন্দোলনে ছিলেন দলছুট প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

দলছুট বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য আজ বিজেপিতে যোগদান করেছেন। সেই মাস্টার মশাইকে নিয়ে শিল্পায়নের বার্তা নিয়ে রোড শো করলেন অমিত শাহ। তিনি বলেন, বাম আমলে শিল্পের সর্বনাশ হয়েছিল সত্যি। তৃণমূলের আমলে সেই ছবি পরিবর্তন হয়নি। বিভিন্ন সিন্ডিকেট রাজের জন্য শিল্পপতিরা বাংলা ছেড়েছেন। তবে বিজেপি ক্ষমতায় আসলে অবস্থার পরিবর্তন হবে। আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি বাংলায় শিল্পায়ন হবে। বাংলায় বেকারদের চাকরি হবে। বিজেপি ক্ষমতায় আসার পরই এই কাজগুলো হবে বলে সিঙ্গুরের মাটিতে জানান অমিত শাহ।
পাশাপাশি হাওড়ার ডোমজুড়ে একটি রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রোড শো শেষ করে রিকশাচালক শিশির সানার বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন অমিত শাহ।

