নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ মার্চ:
বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বুধবার ফের দিল্লিতে বৈঠকে বসছেন কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য নেতাদের সঙ্গে আলোচনা করে আজ বাদ বাকি সমস্ত আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে দিল্লি। প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার রাতে দিল্লিতে দিলীপ ঘোষ, মুকুল রায়দের তলব করা হয়েছে।
প্রসঙ্গত, প্রথম দ্বিতীয় দফার প্রার্থী তালিকা নিয়ে কোনো অসন্তোষ দলীয় কর্মীদের মধ্যে ছিল না। কিন্তুু তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ হতেই চরম অস্বস্তি বিজেপিতে। প্রতিদিন বিভিন্ন প্রান্তে প্রার্থী বদলের দাবি নিয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। সোমবার রাতে অমিত শাহ, জেপি নাড্ডারা নিউটাউনে ম্যারাথন বৈঠক করেছেন। সেই বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা সম্পূর্ণ হয়নি। তাই ফের রাজ্য নেতাদের মঙ্গলবার রাতে জরুরি তলব করে দিল্লি। রাজ্য বিজেপির পুরো নির্বাচনী কমিটির টিম দিল্লিতে উড়ে গেছেন।
বাংলা দখলে সব পক্ষের সঙ্গে আরও একবার আলোচনা করে প্রার্থী তালিকা বার করতে চাইছে দিল্লি। তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করার পর যে ছবি দেখা গিয়েছিল তার পুনরাবৃত্তি চাইছে না দিল্লি।

