নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: প্রচারে ঝড় তুলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে মিছিল করবেন অমিত শাহ। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ কলকাতায় মিছিল করার কথা ভাবছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এখনও দিনক্ষণ ঠিক করে উঠতে পারেনি দিল্লি। শুধু মিছিল নয় দক্ষিণ কলকাতাতে একটি সভা করার কথাও ভাবছেন তিনি।
মার্চ মাস প্রচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই মাসের প্রথম থেকেই প্রচারে ঝাঁপাতে চান বিজেপির কেন্দ্রীয় নেতারা। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভাতে হেভিওয়েট নেতাদের দিয়ে প্রচারে ঝড় তুলতে চেয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। সেই জন্য প্রথম ঝড়টি অমিত শাহ’কে দিয়েই তুলতে চাইছে দিল্লি। শুধু দক্ষিণ কলকাতা নয় উত্তর কলকাতাতে প্রচারে আসছেন অমিত শাহ। উত্তর কলকাতায় তার দুটি সভা করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। আগামী কাল পরশুর মধ্যেই এই সভা গুলির দিনক্ষণ ঠিক হয়ে যাবে বলে বিজেপি সূত্রের খবর।

