আমাদের ভারত, জলপাইগুড়ি, ১ নভেম্বর: অ্যাম্বুল্যান্সের সঙ্গে যাত্রী বোঝাই বাসের দুর্ঘটনা। ব্যস্ত সময়ে রাস্তায় মাঝে উল্টে গেল অ্যাম্বুল্যান্স। অল্পের জন্য প্রাণ বাঁচল কয়েকজনের। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড়ে।
দুর্ঘটনার সময় ট্র্যাফিক পুলিশকে দেখা যায়নি বলে অভিযোগ। স্থানীয়রা ও পথ চলতি মানুষজন ছুটে এসে ঠেলে অ্যাম্বুল্যান্স সোজা করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অ্যাম্বুল্যান্সটি থানা মোড় থেকে পুলিশ লাইনের দিকে আসছিল। সেই সময় স্টেশন রোডের দিক থেকে ডুয়ার্সগামী একটি বাস পিডাব্লুডি মোড়ের দিকে যাচ্ছিল। দু’টি গাড়ি সংঘর্ষ হওয়ার আগেই অ্যাম্বুল্যান্স চালক ব্রেক করতে গাড়ি উল্টে যায়। গাড়ির ক্ষতি হলেও হতাহতের খবর নেই। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

