বিজেপি প্রার্থীর নাম ঘোষণা না হলেও, ভাটপাড়ায় জনসংযোগ করতে নেমে পড়লেন অর্জুন পুত্র পবন সিং

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৬ মার্চ:
উত্তর ২৪ পরগনার নজরকাড়া বিধানসভা কেন্দ্র ভাটপাড়া। ভাটপাড়া অঞ্চলটি বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড় বলে পরিচিত। এই অঞ্চলে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতেন্দ্র সাউ ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন। তবে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় প্রচারে পিছিয়ে পড়ছিল। এই ভাটপাড়া কেন্দ্রে শেষ বিধানসভা উপ নির্বাচনে জয়ী হয়েছিল অর্জুন পুত্র পবন সিং। তিনি মদন মিত্রকে পরাজিত করে জয়ী হন। সেই নির্বাচনকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল ভাটপাড়া এলাকা। ফের বাংলায় নির্বাচন আসন্ন। এবারও সকলের নজর ভাটপাড়া কেন্দ্রে। মঙ্গলবার দেখা গেল ভাটপাড়া কেন্দ্রে দলীয় পতাকা ছাড়াই ভাটপাড়া পুরসভার ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে জন সংযোগ রক্ষা করলেন স্থানীয় সম্ভাব্য বিজেপি প্রার্থী পবন সিং।

ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষনা না হলেও বিজেপির সমর্থনে নির্বাচনী প্রচারে বেরিয়ে মানুষকে পদ্মফুল ছাপে ভোট দেওয়ার আবেদন করেন পবন সিং। মঙ্গলবার সকালে বাবুকোয়ার্টার এলাকায় একটি মন্দিরে পুজো দিয়ে পৌরসভা এলাকায় ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে নেমে পড়েন পবন সিং। তাঁর সঙ্গে উপস্থিত ছিল অসংখ্য বিজেপি কর্মী সমর্থকরা। পবন সিং বলেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের পতন ঘটবে, বিজেপির নতুন সরকার আসবে। এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে এতগুলো জুটমিল আছে, জুটমিলের শ্রমিকদের নানারকম সমস্যা আছে, তবে জুটমিলের শ্রমিকদের সমস্যা নিয়ে কোনও দিন রাজ্য সরকার মাথা ঘামায়নি। আমরা জুট শ্রমিকদের বিষয়ে নিশ্চিত চিন্তা করব। কেন্দ্রীয় কোনও প্রকল্প রাজ্যে লাগু হয়নি, আমরা কেন্দ্র রাজ্য মিলে বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব। আজকে মানুষের উৎসাহ বলে দিচ্ছে বাংলায় পরিবর্তন হবেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *