হিন্দু ছাত্রদের ধর্মান্তরিত করার অভিযোগে মিশনারি স্কুলে ভাঙ্গচুর চালাল বজরং দল

আমাদের ভারত, ৭ ডিসেম্বর: আট জন হিন্দু ছাত্রকে ধর্মান্তরিত করে খ্রিষ্টান করা হয়েছে। এই অভিযোগে
মধ্যপ্রদেশের একটি মিশনারি স্কুলে বজরং দল ভাঙ্গচুর চালিয়েছে। হামলার সময় স্কুলে বোর্ডের পরীক্ষা চলছিল বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসোদার সেন্ট জোসেফ নামে একটি মিশনারি স্কুলের ছাত্রদের ধর্মান্তরিত করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনার প্রতিবাদে বজরং দলের সঙ্গে স্থানীয় মানুষও শামিল হয়েছিল বলে জানা গেছে। তারা স্কুলে ভাঙ্গচুর করে বলে অভিযোগ।

যখন এই হামলা চলে সেই সময় দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলছিল। হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের কর্মীদের সঙ্গে শতাধিক স্থানীয় জনতা স্কুলের সামনে এসে স্লোগান দেয় ও পাথর ছুড়তে থাকে। পুলিশের তৎপরতায় পড়ুয়া ও স্কুল কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

বজরং দলের কর্মী সমর্থকদের অভিযোগ, সেন্ট জোসেফ স্কুলের ৮ পড়ুয়াকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। এরই প্রতিবাদে তারা এই বিক্ষোভ দেখাতে এসেছিলেন। ইতিমধ্যেই হামলার মোবাইল ফুটেজ পাওয়া গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে স্কুল বিল্ডিংয়ের সামনে জড়ো হওয়া ভিড় বিক্ষোভ দেখাচ্ছে এবং জানলার কাঁচ লক্ষ্য করে পাথর ছুড়ছে।

তবে স্কুলের ম্যানেজার ব্রাদার অ্যান্টনি জানিয়েছেন, ধর্মান্তরিত করার মতো কোনো ঘটনা তাদের স্কুলে ঘটেনি। সোশ্যাল মিডিয়ায় ধর্মান্তরিত হয়েছে বলে যে ছাত্রদের নামের তালিকা ঘুরছে তাদের কেউ ওই স্কুলের ছাত্র নয়।

কিন্তু বজরং দল এই দাবি মানতে রাজি নয়, তাদের নেতারা হুমকি দিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে বুলডোজার চালিয়ে স্কুল বিল্ডিং গুঁড়িয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *