পুরুলিয়ার হুড়ায় রেশন বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীর

সাথী দাস, পুরুলিয়া, ২৬ আগস্ট: রেশন বন্টনে অনিয়মের অভিযোগ তুলে ডিলারকে ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। ঘটনা হুড়া ব্লকের হিজুলি গ্রামের। অভিযোগ, সরকারি রেশন দোকানের ডিলার সামাউন আনসারী বিগত কয়েক মাস ধরেই রেশন বন্টনে অনিয়ম করে আসছেন। কারণে অকারণে রেশন দোকান থেকে অযথা ঘোরাচ্ছেন প্রাপকদের। তাই ক্ষুব্ধ প্রাপকরা শনিবার রেশন দোকানের বাইরে জমায়েত হয়ে ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান।

বিক্ষোকারীদের অভিযোগ, ওই রেশন ডিলার সঠিক পরিমাণে পণ্য দেন না। আঙুলের ছাপ নিয়ে কোনও মাসে পণ্য দেননি। কয়েক মাসের রেশন বকেয়া রয়েছে। এটা নিয়ে কিছু বলতে গেলেই দেখে নেওয়ার হুমকি দেন ওই ডিলার। একই কারণে প্রায় পাঁচ বছর আগে ওই ডিলারকে সাসপেন্ড করা হয়েছিল।

আজ বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হুড়া থানার পুলিশ। পৌঁছান সরকারি রেশন সরবরাহ দফতরের আধিকারিকরা। ঘটনাস্থলে দাঁড়িয়ে বিক্ষোভরত গ্রামবাসীদের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনেন পুরুলিয়া মহকুমা খাদ্য নিয়ামক মনোজ সাহু। তিনি পরিষ্কার জানিয়ে দেন, “অভিযোগ আগেও পেয়েছি। ওই ডিলারের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনও শিথিলতা নয়। আপাতত পাশের ডিলারের কাছ থেকে এই মাসের খাদ্য পণ্য নিতে পারবেন গ্রাহকরা।” অভিযুক্ত ডিলারকে সাসপেন্ড করার আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ তুলে নেন ক্ষুব্ধ গ্রাহকরা।

এই ঘটনার খবর পেয়ে পুরুলিয়া জেলা এম আর ডিলার অ্যাসোসিয়েশনে সম্পাদক প্রভাশীষ লাল সিং দেও বলেন, “গণ বণ্টন ব্যবস্থায় গ্রাহকদের কোনও মতেই হয়রানি করা আমরাও বরদাস্ত করব না। কোনও অনৈতিক কাজ সংগঠন সমর্থন করবে না। এই ক্ষেত্রে সংগঠন ওই ডিলারের পাশে থাকবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *