ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কালিয়াগঞ্জে গণপিটুনি শিক্ষককে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১ জুলাই: ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষককে ধরে গণপিটুনি দিল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের শেঠকলোনীর ফুলতলা এলাকায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযুক্ত ওই গৃহ শিক্ষকের নাম রঘুনাথ রায়। প্রতিদিনের মতো এলাকার এক পঞ্চম শ্রেণির ছাত্রী যথারীতি এদিন গৃহশিক্ষকের বাড়িতে যায় প্রাইভেট পড়তে৷ কিন্তু বাড়ি ফিরতে দেরি করায় সন্দেহ হয় ওই ছাত্রীর বাবা মায়ের। এরপর হন্তদন্ত হয়ে গৃহ শিক্ষকের বাড়িতে এলে দুজনকেই আপত্তিজনক অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা। শুরু হয় বেধড়ক মারধর। পরিস্থিতি বেগতিক দেখে এলাকার একটি বাড়িতে গা ঢাকা দেয় অভিযুক্ত যুবক। খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পরে স্থানীয় মানুষদের সহযোগিতায় স্থানীয় এক বাড়ি থেকে অভিযুক্ত রঘুনাথ রায়কে আটক করে পুলিশ। এই ঘটনায় নির্যাতিতা ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ছাত্রীর পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *