স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ এপ্রিল: দুর্নীতির প্রতিবাদ করায় স্কুলের প্রধান শিক্ষক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নদিয়ার ভীমপুর থানার আসাননগরের ঘটনা। আসাননগর হাইস্কুলের হেড মাস্টার পঞ্চাশোর্ধ মনোজিৎ বিশ্বাসের বাড়ি হাঁসখালি থানার অন্তর্গত কুলগাছি এলাকায়। অভিযোগ, ওই স্কুলের বিভিন্ন আর্থিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁর উপর তৃণমূল হামলা করে।

তাঁর আরও অভিযোগ, তিনি আর্থিক দুর্নীতির প্রতিবাদ করেছিলেন এবং সমস্ত দুর্নীতি যাতে বন্ধ করা যায় সেই জন্য কলেজ কর্তৃপক্ষের সাথে বসেছিলেন। স্কুলের প্রধান শিক্ষক বছর পঞ্চাশের মনোজিৎ বিশ্বাস এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালে তর্কালঙ্কার কলেজের ছাত্রছাত্রীরা এসে তাকে শারীরিকভাবে নিগ্রহ করে। সেখান থেকে প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি হয়। এরপর তাকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।


