TMC, Patrasayar, পাত্রসায়রে তৃণমূলের পতাকা খুলে ফেলার অভিযোগ, জোর তরজা শাসক ও বিরোধী দলের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ মার্চ: রাস্তার দু’ধারে টাঙানো তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাঁকুড়ার সোনামুখী বিধানসভা এলাকার পটাশপুরে। এনিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে শুরু হয়েছে জোর বিতর্ক।

আজ সকালে বাঁকুড়ার সোনামুখী বিধানসভার পাত্রসায়ের ব্লকের পটাশপুর এলাকায় তৃণমূল কর্মীরা দেখেন রাস্তার ধারে টাঙানো তাদের অসংখ্য দলীয় পতাকা খুলে ফেলে দেওয়া হয়েছে। এনিয়ে প্রতিবাদে সরব হন তৃণমূল কর্মীরা। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। অন্যদিকে এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের নাটক বা গোষ্ঠী দ্বন্দ্বের ফল বলে দাবি করেছে বিজেপি।

উল্লেখ্য, ভোটের প্রচারে বাঁকুড়ার সোনামুখী বিধানসভার সর্বত্রই পতাকা, ফেস্টুন লাগিয়েছে সমস্ত রাজনৈতিক দল। তৃণমূলের অভিযোগ, পটাশপুর গ্রামে নির্বাচন কমিশনের নিয়ম মেনে রাস্তার দু’পাশে দলের পতাকা টাঙিয়েছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। এদিন সকালে স্থানীয় কর্মীরা দেখেন কে বা কারা তৃণমূলের সমস্ত পতাকা খুলে ফেলে দিয়েছে। এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষোভে ফেটে পড়েন ঘাসফুল শিবিরের কর্মীরা। তৃণমূলের দাবি, নির্বাচনে হার নিশ্চিত জেনে বিজেপি কর্মীরাই এই কাণ্ড করেছে।

এলাকার তৃণমূল প্রার্থী কল্লোল সাহা ঘটনার কড়া নিন্দা করেছেন। এই অভিযোগ উড়িয়ে সোনামুখীর বিজেপি প্রার্থী দিবাকর ঘরামির দাবি, এই ঘটনায় বিজেপির কেউ যুক্ত নয়। নিজেদের প্রচার তুলে ধরতে তৃণমূলই এই নাটক করেছে। তাছাড়া তাদের গোষ্ঠী দ্বন্দ্বের ফলও এটা হতে পারে। দিবাকরবাবু বলেন যে, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার উদ্দেশ্যেই তৃণমূল কর্মীদের একাংশ এই কাজ করে থাকতে পারে। যদিও এলাকার তৃণমূল নেতারা তা মানতে নারাজ। তাদের অভিযোগের ইঙ্গিত বিরোধীদের দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *