তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ নারায়ণগড়ে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ মার্চ: রাতে বাড়ি বাড়ি গিয়ে এলাকাবাসী ও বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে থানায় অবস্থান বিক্ষোভ করলেন নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি।

বুধবার দিনভর পশ্চিম মেদিনীপুরের মকরামপুর এলাকায় নির্বাচনী প্রচার সেরে নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি বাড়ি ফিরে আসেন। তারপর রাতের অন্ধকারে মকরামপুর এলাকার তৃণমূল নেতা লক্ষ্মী শিট দলবল নিয়ে বিজেপি কর্মী ও এলাকাবাসীদের বাড়ি বাড়ি গিয়ে শাসিয়েছে বলে অভিযোগ বিজেপির। তারই প্রতিবাদে বুধবার রাতভর নারায়ণগড় থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি ও তার সহকর্মীরা। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট না দিতে পারে সেজন্য বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছে তৃণমূলের নেতা লক্ষ্মী সিট।আমরা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ও মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তারই দাবিতে নারায়ণগড় থানায় অবস্থান-বিক্ষোভ করছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। প্রশাসন যতক্ষণ না বিষয়টিতে হস্তক্ষেপ করবেন ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন নারায়ণগড় কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি।

তবে তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, বিজেপির কোনও কর্মী সমর্থকদের বাড়িতে এরকম কোনও শাসানি দেওয়া হয়নি। বিজেপির পক্ষ থেকে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস পাওয়ার পর বৃহস্পতিবার সকালে অবস্থান-বিক্ষোভ তুলে নিয়েছেন বিজেপি প্রার্থী।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *