আমাদের ভারত, ১৮ নভেম্বর: আবারও সাম্প্রদায়িক হিংসার খবর পাওয়া গেল হরিয়ানার নুহতে। পুজো দিতে যাওয়ার পথে বেশ কয়েকজন মহিলার দিকে পাথর ছোড়া হয় মসজিদ এলাকা থেকে। হিন্দু মহিলাদের দিকে লক্ষ্য করেই পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আট জন। তারপরই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা। ডিএসপি জানান ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা শাস্তি পাবেন।
এর আগে আগস্ট মাসে হরিয়ানার নুহতে ব্যাপক সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছিল। তাতে মৃত্যু হয়েছিল ৬ জনের। মাত্র তিন মাসের মধ্যে আবারো হিংসার ঘটনা ঘটল সেখানে। নুহর পুলিশ সূত্রে খবর, কয়েকজন মহিলা ও শিশু মিলে কুয়ো পুজো করতে যাচ্ছিলেন। সেই সময় তাদের লক্ষ্য করে পাথর বৃষ্টি শুরু হয়। মসজিদ এলাকা পেরিয়ে যাওয়ার সময় আক্রান্ত হন তারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ। আহত হয়েছেন আটজন মহিলা।
প্রাথমিকভাবে অনুমান, মসজিদ এলাকা থেকে কয়েকজন নাবালিকা পাথর ছুড়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডিএসপি জানান, ঘটনাস্থলের ভিডিও খতিয়ে দেখছেন তারা। মসজিদ সরানোর কাজ চলছিল। সেখান থেকেই মহিলাদের দিকে পাথর ছোড়া হয়। ইতিমধ্যেই বেশকিছু নাবালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যারা এই ঘটনায় আপাতত অভিযুক্ত।
বৃহস্পতিবার রাত পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শুক্রবার সকাল থেকে অশান্ত হয়ে ওঠে এলাকা। পাথর ছোড়ার ঘটনায় বিক্ষোভ দেখায় স্থানীয় জনতা। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে ডিএসপি বীরেন্দ্র সিং। সকলকে শান্তি বজায় রাখার আবেদন জানান। তিনি আশ্বাস দেন তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আগস্ট মাসে সাম্প্রদায়িক হিংসার পর দীর্ঘদিন অশান্ত ছিল নুহ। বন্ধ ছিল ইন্টারনেট। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আবারও অশান্তি ছড়ালো সেখানে।

