স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ মার্চ: বিজেপি করার কারণে ক্ষেত ভরা ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি নবদ্বীপ থানার অন্তর্গত চর মাজদিয়া চর ব্রহ্মনগর নগর দক্ষিণ পাড়া এলাকার। পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে বিজেপি করার কারণে বারংবার হুমকি আসতো তৃণমূলের তরফ থেকে। গতকাল রাতে কিছু দুষ্কৃতী মাঠের মধ্যে মদ্যপান করার পর বিজেপির বুথ সভাপতির ক্ষেতের ফসল কেটে নষ্ট করে দেয়। বিষয়টি নিয়ে তারা নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন ও বিজেপির শীর্ষ নেতৃত্বকে জানান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও তৃণমূলের তরফ থেকে এই ঘটনার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নির্বাচনের আগেই বিজেপি কর্মীদের উপর এই হামলা ও ক্ষেত ভরা ফসল নষ্ট করাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর বেড়ে চলেছে। এই ঘটনার খবর পেয়ে নবদ্বীপ বিধানসভার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর ঘটনাস্থলে যান এবং ওই বিজেপি কর্মীর পরিবারকে পাশে থাকার আশ্বাস দেন। এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের সন্ধানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

