স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ মার্চ: প্রকাশ্যে জনবহুল স্থানে আইনজীবীর সঙ্গে ট্রাফিক পুলিশের অভব্য আচরণ ও ধাক্কাধাক্কির অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ শহরে। বাইক পার্কিংকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের হুঁশিয়ারি ও অভব্য আচরণের অভিযোগ তুলে সোচ্চার আইনজীবীরা। সোমবার দুপুরে রায়গঞ্জের মোহনবাটি এলাকার ঘটনা।

শুভঙ্কর রায় চৌধুরী নামে এক আইনজীবীর অভিযোগ, মোহনবাটির আইসিআইসিআই ব্যাঙ্কের পাশে তার মোটর বাইক দাঁড় করিয়ে তিনি এটিএমে যাচ্ছিলেন। সেই সময় সেখানে কর্তব্যরত এক মহিলা সিভিক ভলান্টিয়ার তাকে বাইক সরাতে বললে তখন নারায়ণ দেবনাথ নামে ট্রাফিকে কর্মরত এক এএসআই ওই আইনজীবীর উপর তেড়ে আসেন, তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ও ধাক্কা দেয় বলে অভিযোগ। এদিকে ওই আইনজীবীকে হেনস্থা করার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে ওই আইনজীবীই তাদের কটুক্তি করে তেড়ে আসেন বলে পালটা দাবি করেন অভিযুক্ত ওই পুলিশ কর্মী।

এদিকে প্রকাশ্য রাস্তায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হাজির হন অন্যান্য আইনজীবীরা। আসে বিশাল পুলিশ বাহিনীও। আমজনতার সামনেই বচসায় জড়ান উভয় পক্ষ। যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় শহরে। যদিও এই ঘটনায় একে অন্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

