ভজনকে কেন্দ্র করে ধর্ম পরিবর্তনের অভিযোগ, সনাতন ধর্মের এক গোষ্ঠীর ওপর অপর গোষ্ঠীর হামলায় উত্তেজনা সামশেরগঞ্জের জাফরাবাদ এলাকায়

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৮ নভেম্বর: বাড়িতে যীশুর ভজনকে কেন্দ্র করে সনাতন ধর্মের এক গোষ্ঠীর উপর অপর গোষ্ঠীর হামলা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের রানীপুর জাফরাবাদ এলাকায়। শুক্রবার বিকেল নাগাদ এই ভজনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় জাফরাবাদ এলাকায়। একাধিক বাড়ি ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামে প্রায় দেড় বছর ধরে শিব নারায়ণ পালের বাড়িতে ভজন হত। আর ভজনের নামে নাকি ধর্ম পরিবর্তন করে খ্রীষ্টান করা হত, এমন অভিযোগ তুলে অপর গোষ্ঠী সেই বাড়ি সহ ভজেনে
অংশগ্রহণকারী একাধিক ব্যক্তির বাড়িতে তান্ডব চালায়। যদিও সরাসরি অভিযোগের তীর একাধিক বহিরাগত সহ ওই গ্রামের তৃণমূল কংগ্রেসের সদস্য টুটুল দাসের দিকে। ভাঙ্গচুর হওয়া বাড়ির একাধিক মালিক তৃণমূল সদস্য টুটুল দাসের নেতৃত্বে এই হামলা চলে বলে দাবি করেন।

যদিও এই অভিযোগ ভিক্তিহীন বলে উড়িয়ে দেন তৃণমূল কংগ্রেসের ওই সদস্য টুটুল দাস। ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ভাঙ্গচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *