আমাদের ভারত, ব্যারাকপুর, ১১ ফেব্রুয়ারি: এ যেন উলটপূরাণ। রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় বিরোধী দলের পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷ এবার কোন্নগরে তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ উঠলো কংগ্রেসের বিরুদ্ধে। কোন্নগরের প্রাক্তন চেয়ারম্যান বাপ্পাদিত্য চ্যাটার্জি দলের টিকিট না পেয়ে কংগ্রেসে যোগদান করে৷ কংগ্রেসের প্রতিকেই এবার তিনি লড়ছেন ৮নং ওয়ার্ড থেকে। তৃণমূলের পক্ষ থেকে কোন্নগর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি অভিযোগ তোলেন, বাপ্পাদিত্য চ্যাটার্জির মদতে কংগ্রেস তাদের ৮নং ওয়ার্ডের পার্টি অফিস দখল করেছে। তিনি আরো বলেন, বিষয়টি জেলা সভাপতি ও এমএলএ’কে জানানো হয়েছে৷ জানানো হয়েছে প্রশাসনকেও৷

অপর দিকে বাপ্পাদিত্য চ্যাটার্জি বলেন, এই অফিসটি কোনো দিন পার্টি অফিস ছিল না। এটা এলাকার মানুষ পুজো পার্বনে ব্যাবহার করে। এটি একটি ব্যক্তিগত সম্পত্তি৷ পার্টি অফিস নিয়ে এই বিবাদে সরগরম কোন্নগর। আগামী দিন এই পার্টি অফিস কার দখলে যায় তা সময়ই বলবে৷

