রাজেন রায়, কলকাতা, ২৭ জুলাই: অনিয়মের অভিযোগে বন্ধ হয়ে গেল বেলঘড়িয়ার মিডল্যান্ড নার্সিংহোম। অনির্দিষ্ট কালের জন্য বেলঘরিয়ার মিডল্যান্ড নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য কমিশন।লাইসেন্সের মেয়াদ ফুরলেও তা নবীকরণ না করা, তার ওপর যথাযথ লাইসেন্স ছাড়া বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা চিকিৎসকরা রোগী দেখেন। ডিগ্রি নেই আইসিইউতে থাকা নার্সের। এই সব একাধিক অভিযোগের ভিত্তিতে এবার স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়ার মিডল্যান্ড নার্সিংহোম বন্ধের নির্দেশ দেন।
জানা গিয়েছে, বেলঘড়িয়া মিডল্যান্ড নার্সিংহোমের বিরুদ্ধে বেশ কিছু বেনিয়মের অভিযোগের পাশাপাশি লাইসেন্স নিয়ে বেশ কিছু সমস্যার ভিত্তিতেই স্বাস্থ্য কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। জানা যায়, স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ নিয়ে আজ হিয়ারিংয়ের কথা ছিল মিডল্যান্ড নার্সিংহোমের বিরুদ্ধে। আর তারপরই আপাতত বেলঘড়িয়ার মিডল্যান্ড নার্সিংহোম বন্ধের নির্দেশ দেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে বেলঘড়িয়ার মিডল্যান্ড নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন কাকলি দাস নামে একজন রোগী। তার অভিযোগ, হাসপাতালে ডাক্তার এবং নার্সদের যথাযথ প্রশিক্ষণ নেই। পাশাপাশি তারা কোয়ালিফাইড নন চিকিৎসা করার জন্য এবং আইসিইউতে যে নার্সিং স্টাফ তার চিকিৎসা করছিলেন তিনিও তার পড়াশোনা তখনও শেষ করেননি বলেও অভিযোগ করা হয়। এছাড়া এই নার্সিংহোমের রেজিস্ট্রেশনও সেই সময় করে গিয়েছিল বলেও রোগীর তরফে অভিযোগ করা হয়। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে এবার বেলঘড়িয়ার মিডল্যান্ড নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধের নির্দেশ দেওয়া হয় নার্সিংহোম কর্তৃপক্ষকে। নার্সিংহোম বন্ধের নির্দেশ দেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায়।

