সাথী দাস, পুরুলিয়া, ২৩ জুলাই: টিকাকরণে অনিয়মের অভিযোগ করে পুরুলিয়া সদর হাসপাতালে বিক্ষোভ দেখালেন প্রাপকরা। পুরুলিয়া সদর হাসপাতালের কোভিড ভ্যাকসিন সেন্টারের বাইরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি হয়। “ভোররাত থেকেও লাইনে দাঁড়িয়ে মিলছে না ভ্যাকসিন।” এই অভিযোগ ছাড়াও কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করে ভ্যাকসিন সেন্টারের বাইরে বিক্ষোভ সাধারণ মানুষের।

পুরুলিয়া সদর হাসপাতালে প্রতিদিন ৩০০ জনকে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা দেওয়া হয়। তারমধ্যে ১০০ জনকে প্রথম ডোজ এবং ২০০ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। অভিযোগ, প্রতিদিন ভ্যাকসিন সেন্টারে কেউ সকাল থেকে আবার কেউ ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও থাকছেন। তবুও অনেকেই ভ্যাকসিন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ লাইনে দাঁড়িয়ে একজন সদস্য একাধিক জনের নাম লিখিয়ে চলে যান। কোনও টোকেন দেওয়া হয় না সাধারণ মানুষকে। এর ফলে যাঁরা লাইন দেন সকাল থেকে তাঁরা ভ্যাকসিন থেকে বঞ্চিত হয়। এক শ্রেণির স্বাস্থ্য কর্মীর কারণে চরম হয়রানির শিকার হচ্ছেন তাঁরা বলে অভিযোগ। তাই আজ পুরুলিয়া সদর হাসপাতালের ভ্যাকসিন সেন্টারের বাইরে বিক্ষোভে সামিল হন সাধারণ মানুষ।
বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরুলিয়া সদর হাসপাতালের ডেপুটি সিএমও এইচ ডা: স্বপন সরকার।


