জয় লাহা, দুর্গাপুর, ১১ আগষ্ট: ফের সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা! অভিযোগের ভিত্তিতে বুদবুদ থানার পুলিশ দুজনকে আটক করল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পানাগড় সেনাছাউনী সংলগ্ন বুদবুদ এলাকায়।
পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের একজনের নাম বাবলু দত্ত। বুদবুদ এলাকার বাসিন্দা। পেশায় গাড়ি চালক। অপরজনের নাম অশোক বার। তাদের কাছ থেকে একটি আর্মি লেখা ইনোভা গাড়ি আটক করেছে পুলিশ। ঘটনায় জানা গেছে, দিনেশ সাহানি নামে উত্তরপ্রদেশের বালিয়ার এক যুবককে সেনাবাহিনীতে গার্ডের ভুয়ো চাকরী দেওয়ার অভিযোগ ওঠে। সেই মতো তার নামে সেনাবাহিনীর সিল সই নকল করে সচিত্র পরিচয় পত্র তৈরী করে দেয় বলে অভিযোগ। মঙ্গলবার ছিল কাজে নিয়োগ করানোর দিন। গোটা বিষয়টি সেনাছাউনীর গয়েন্দাদের কাছে খবর যায়। সেই মতো সেনাছাউনীর ৩ নং গেটের আশপাশে সেনা গোয়েন্দারা জাল বিছিয়ে রাখে। ওই যুবকের বয়ান মতো আর্মি লেখা ইনোভা গাড়িটি গেট এলাকায় পৌঁছতেই গয়েন্দারা ধরে ফেলে। তারপর তাদের পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ পেয়ে পুলিশ দুজনকে গ্রেফতার করে। বুধবার তাদের আদালতে তোলা হবে।

