আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত কুপার্স পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ জুলাই: এবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। গ্রিন সিটি প্রকল্পের নাম করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনলেন নদিয়ার কুপার্স ক্যাম্প এলাকার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী এবং বাসিন্দা অভিজিৎ হালদার। নিজের দলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুললেন তিনি।

তৃণমূল কর্মী অভিজিৎ হালদার এই নিয়ে লিখিত অভিযোগ করেন যে, গ্রিন সিটি প্রকল্পের বহু টাকা তছরুপ করেন পৌরসভার চেয়ারম্যান। একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা ও ইলেকট্রিক পোস্টের আর্থিংয়ের কাজ সম্পূর্ণ হয়নি। ১১২ টি সিসিটিভি লাগানোর কথা ছিল কিন্তু বর্তমানে লাগানো হয়েছে ৭৫টি। সেই সমস্ত টাকা তছরুপের লিখিত অভিযোগ তোলেন পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে।

টাকা দুর্নীতির বিষয়ে অভিযোগ জমা পড়েছে কার্যত স্বীকার করে নেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার তীর্থসারথী মজুমদার। তিনি জানান, গত সোমবার আর্থিক তছরুপের লিখিত অভিযোগ জমা পড়েছে। এর আগেও বোর্ড মিটিংয়ে একাধিক অসন্তোষের কথা জানা গিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে কুপার্স ক্যাম্পের উপ পৌরপ্রধান দিলীপ কুমার দাস জানান, “আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। এক্সিকিউটিভ অফিসার লিখিত অভিযোগ আমার কাছে পাঠিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। দলীয় স্তরে আমরা এই বিষয়টি আলোচনা করছি।”

বিরোধী দলনেতা দীপক দে জানান, এটা তৃণমূলের ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা, আগামী দিনে ভোটে তার প্রভাব পড়বে।

যদিও সমস্ত কিছু অস্বীকার করেছেন কুপার্স পৌরসভার চেয়ারম্যান শিবু বাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *