সুশান্ত ঘোষ, বনগাঁ, ৩ জুলাই: কোভিড পরিস্থিতির মাঝেই ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগে উত্তাল বনগাঁ। ‘ভ্যাকসিন নিয়ে চূড়ান্ত দুর্নীতি চলছে,’ এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বর। ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে বেলায় জানানো হয় আজকের মত ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। এর ফলে ভ্যাকসিন নিতে আসা মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা হাসপাতালের সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ।
ভ্যাক্সিন নিতে ভোররাত থেকে বনগাঁ মহকুমা হাসপাতাল লাইন দাঁড়িয়েছিল সাধারণ মানুষ। সকালে টিকা দেওয়া শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বন্ধ করে দেওয়া হয়। হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয় আজকের মত টিকা দেওয়া হয়ে গেছে, ১৮০ জনকে দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে উত্তেজিত হয়ে পড়েন ভোর রাত থেকে লাইন দেওয়া মহিলা পুরুষরা। তারা হাসপাতালে ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ করে দেয়। একযোগে হাসপাতাল সুপারকে, ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ, সাধারণ মানুষকে ভ্যাকসিন না দিয়ে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে হাসপাতাল সুপারের পরিচিতদের।

পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে বনগাঁ থানার পুলিশ। কিন্তু উত্তেজিত গ্রহীতারা কিছুতেই কোনো কথা শুনতে রাজি ছিল না। হাসপাতালের ভ্যাকসিন সেন্টারের সামনে গ্রহীতাদের তুমুল বিক্ষোভ চলতে থাকে। গ্রহীতাদের অভিযোগ, ভোর রাত থেকে লাইনে দাঁড়ানোর পর সকাল দশটায় ভ্যাকসিন দেওয়া শুরু হতে না হতেই হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ১৮০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে। আর ভ্যাকসিন দেওয়া হবে না। গ্রহীতাদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ভ্যাকসিন নেই অথচ সুপারের পরিচিতদের হাসপাতালের অন্য রুমে নিয়ে গিয়ে কী করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে? অন্যদিকে ভ্যাকসিন সেন্টারের সামনে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আর এতেই তৈরী হচ্ছে জটিলতা এমনটাই অভিযোগ উত্তেজিত গ্রহীতাদের।
যদিও ভ্যাকসিন নিয়ে দুর্নীতির কথা অস্বীকার করেন হাসপাতাল সুপার শংকর মাহাত।

