টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ রুইপুকুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ আগস্ট: লকডাউনের দিন টেন্ডার ডাকার অভিযোগ উঠল কৃষ্ণনগর ১ এর রুই পুকুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। শুধু তাই নয় ই-টেন্ডার না করে পাঁচ লাখের ওপরে বিভিন্ন কাজ দেওয়া হয়েছে ম্যানুয়ালে। আর এই নিয়ে সরব হয়েছে কন্ট্রাক্টররা।

জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী রুই পুকুর পঞ্চায়েতে প্রথম টেন্ডার নোটিশ বের হয় ৩১ জুলাই। সেদিন লকডাউন ছিল। আবার যেদিন এই টেন্ডার জমা দেওয়ার শেষ দিন ছিল সেদিন ছিল ১৪ আগস্ট।
সেদিনও ছিল লকডাউন। অভিযোগ, সেই কারণে কৃষ্ণনগরের কন্ট্রাক্টররা ওই পঞ্চায়েত প্রধানের কাছে অনুরোধ করেন যে টেন্ডার জমা দেওয়ার তারিখ একদিন বাড়ানোর জন্য। কিন্তু পঞ্চায়েত প্রধান কনট্রাক্টরদের দাবি মানেননি। উপরন্তু তাদের হুমকি দেন বলে অভিযোগ। অপরদিকে কনট্রাক্টরদের দাবি, যে কৃষ্ণনগরের কনট্রাক্টরদের সিকিভাগ আবেদন পত্রও রুই পুকুর পঞ্চায়েতে জমা পড়েনি। অভিযোগ সরকারি ঘোষণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কৃষ্ণনগর ১ রুই পুকুর পঞ্চায়েতের প্রধান অসিত বিশ্বাস ই-টেন্ডার না করে পাঁচ লাখের ওপরে বিভিন্ন টেন্ডার ও ম্যানুয়াল হিসাবে দেখাচ্ছেন। কনট্রাক্টরদের দাবি, এই সিস্টেম বন্ধ করতে হবে। তাদের পক্ষ থেকে এই টেন্ডার দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় বিডিওকে অভিযোগ করা হয়।

কৃষ্ণনগর ১ রুই পুকুরের পঞ্চায়েত প্রধান অসিত বিশ্বাস জানান, আমরা টেন্ডার স্বচ্ছভাবে এবং সরকারি নিয়ম মাফিক করেছি। আমরা নোটিশ দিয়েছি এবং পাশাপাশি পেপারে বিজ্ঞাপনও দিয়েছি। স্থানীয় কন্ট্রাকটররা বলছেন লকডাউনের জেরে তারা নাকি আসতে পারেননি, জানতে পারেননি। কিন্তু কৃষ্ণনগরের অনেক কন্ট্রাকটররাই ওই দিনে পেপার জমা দিয়েছেন। এরা না জানলে আমার কি করার আছে। এরা গন্ডগোল করে নতুন করে সমস্যা তৈরি করার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *