শিশু পাচারের অভিযোগ, বাঁকুড়ায় গ্ৰেফতার নবোদয় স্কুলের অধ্যক্ষ ও শিক্ষিকা সহ ৮

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ জুলাই: শিশু পাচারের অভিযোগে জহর নবোদয় স্কুলের অধ্যক্ষ সহ ৮ জনকে গ্ৰেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে স্কুলের এক শিক্ষিকা ও তাঁর স্বামী রয়েছেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঘটনার সূত্ৰপাত রবিবার দুপুরে, বাঁকুড়া সদর থানার কালপাথরে অবস্থিত জহর নবোদয় স্কুলের প্ৰাঙ্গনে একটি গাড়িতে দুটি শিশুকে তোলা হয়। সেই সময় শিশু দুটি কান্নাকাটি শুরু করলে বিষয়টি স্থানীয় পঞ্চায়েত প্ৰধানের নজরে এলে তিনি গাড়িতে বসে থাকা দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাদের অসংলগ্ন কথাবার্তা শুনে সন্দেহ দেখা দেয়। অবস্থা বেগতিক দেখে স্কুলের অধ্যক্ষ কমল কুমার রাজোরিয়া পালানোর চেষ্টা করেন।

বিষয়টি জানাজানি হতেই স্থানীয় লোকজন ক্ষোভে ফেঁটে পড়েন। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অধ্যক্ষ সহ গাড়ির আরেহীদের আটক করে। পুলিশি জেরার পর তাদের গ্ৰেফতার করা হয়।

এই ঘটনায় পুলিশ দুৰ্গাপুরের কাদারোডের তিনজনকে গ্ৰেফতার করেছে। ধৃতদেৱ মধ্যে স্কুলের অধ্যক্ষ কমল কুমার রাজরিয়া ও শিক্ষিকা সুষমা শৰ্মা, তার স্বামী সতীশ ঠাকুর, রিয়া বাদ্যকর, সুনীতা বাদ্যকর, সাগর বাদ্যকর, দেব বাদ্যকর ও স্বপন দত্ত রয়েছেন। আজ তাদের আদালতে পেশ করা হলে বিচারক, অধ্যক্ষ, সতীশ ঠাকুর, স্বপন দত্তকে পুলিশ হেফাজতে ও বাকিদের জেল হেফাজতের নিৰ্দেশ দেন। ধৃতদের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্ৰোটেকশন অফ চিলড্ৰেন অ্যাক্ট অনুসারে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ পাঁচটি শিশুকে উদ্ধার করে। তাদের হোমে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *