আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৯ সেপ্টেম্বর: এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। নিহতের নাম রিনা বিবি(২৬)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত সস্তাখালি গ্রামে। রিনাকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী মহিবুল্লা মোল্লা সহ শ্বশুর মহিত মোল্লা ও শাশুড়ি আনোয়ারা মোল্লার বিরুদ্ধে। এই ঘটনায় জীবনতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রের খবর, চার বছর আগে জীবনতলার সস্তাখালির বাসিন্দা মহিত মোল্লার ছেলে মহিবুল্লার সাথে দেখাশোনা করেই বিয়ে হয় খাগড়া গ্রামের বাসিন্দা রিনার। বিয়ের পর থেকে বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগে ছিল। এমনকি শ্বশুরবাড়ির সদস্যরাও নানাভাবে রিনার উপর অত্যাচার করতো বলে অভিযোগ তুলেছেন তাঁর বাবা ইছা হক মোল্লা। মঙ্গলবার সন্ধ্যায় রিনার সাথে শ্বশুরবাড়ির সদস্যদের অশান্তি বাধলে তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় শাশুড়ি। স্বামী ও শ্বশুর বাঁচাতে গিয়ে তারাও অগ্নিদগ্ধ হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় রিনার।
গুরুতর জখম অবস্থায় তাঁর স্বামী ও শ্বশুরকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শাশুড়িকে গ্রেফতার করেছে জীবনতলা থানার পুলিশ। মহিত ও মহিবুল্লাকেও আটক করেছে পুলিশ। রিনার বাবার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।

