আবাসিক কিশোরের অস্বাভাবিক প্রাণ যাওয়ার অভিযোগ, উত্তেজনা জলপাইগুড়ির সরকারি কোরক হোমে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৫ ডিসেম্বর: জলপাইগুড়ির সরকারি কোরক হোমের আবাসিক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শহরের রেসকোর্স পাড়ার কোরক হোমে। হাসপাতালে না নিয়ে গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা কিশোরকে ফেলে রাখা হয় হোমে বলে অভিযোগ মৃতের পরিবারের। মৃতের আত্মীয়দের হোমের গেটে আটকে রাখা হয় বলে অভিযোগ। বার বার গেট খোলার আবেদন করার পরেও কাজ হয়নি। অবশেষে হোমের গেট ভেঙ্গে উত্তেজিত জনতা হোমে ঢুকে পরে। পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি। পরে ডিএসপি (সদর) সমীর পাল ও কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এরপরেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

হোম সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম লাবু ইসলাম (১৭), বাড়ি কোচবিহার জেলার টাপুরহাট এলাকায়। এদিকে ঘটনার পরেই মৃতের মা সরিতা বিবি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হয়েছেন। ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে দাবি পুলিশের।

এদিকে মৃতের আত্মীয় শিখা রায় বলেন, ডাক্তার না ডেকে “পাঁচ ঘণ্টা মৃতদেহ কেন ফেলে রাখা হল। আমাদেরকে জানালো মারা গিয়েছে। আমাদের ঢুকতে দেওয়া হয়নি।”

এদিকে ডিএসপি (সদর) সমির পাল বলেন, “হোমের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *