পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৪ জানুয়ারি: খাড়ি দখল করে তৃণমূলের এসি পার্টি অফিস বানানোর অভিযোগ বালুরঘাটে। লিখিত অভিযোগ জানিয়ে জেলাশাসকের দ্বারস্থ বিজেপি। সাতবছর পর বিজেপির ঘুম ভেঙেছে, পালটা অভিযোগ তুলে সরব বাম-তৃণমূল। সোমবার বিজেপির তোলা এমন একটি অভিযোগকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ায় বালুরঘাটের সুভাষ কর্ণার এলাকায়। বিজেপির অভিযোগ, পুরাতন ৮ নম্বর তথা বর্তমান ৭ নম্বর ওয়ার্ডে শহরের লাইফ লাইন হিসাবে পরিচিত আত্রেয়ী খাড়ির জায়গা দখল করে তৃণমূল তাদের এসি পার্টি অফিস বানিয়েছে। যার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন জেলাশাসককে।
জানা যায়, বালুরঘাট শহরের সুভাষ কর্ণার এলাকাটি পুরাতন ৮ নম্বর তথা বর্তমানে নতুন ৭ নম্বর ওয়ার্ড হিসাবে পরিচিত। যেখান দিয়েই শহরের লাইফ লাইন হিসাবে পরিচিত আত্রেয়ী খাড়ি বয়ে গিয়েছে। ২০১৩ সালে সেই খাঁড়ি সংলগ্ন এলাকায় একটি স্থায়ী পার্টি অফিস তৈরির কাজ শুরু করেন তৎকালীন তৃণমূল কাউন্সিলর শঙ্কর দত্ত। যার ভেতরে এসিরও ব্যবস্থা রয়েছে। পরবর্তীতে যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিজেপির অভিযোগ ঐ তৃণমূল কার্যালয়টি ক্ষমতার অপব্যবহার করে রাতারাতি খাড়ি দখল করে নির্মাণ করেন বিদায়ী কাউন্সিলর শঙ্কর দত্ত। যার বিরুদ্ধেই এদিন জেলাশাসককে লিখিত অভিযোগ জানায় বিজেপি। সাতবছর পর হঠাৎ এই ঘটনা নিয়ে কেন বিজেপির ঘুম ভাঙলো তা নিয়ে একযোগে সরব হয়েছে বাম-তৃণমূল। তাদের অভিযোগ, পুরভোটের মুখে সস্তা রাজনীতি করতেই বিজেপি এসবকে বেছে নিয়েছে।

বিজেপির বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন বলেন, আত্রেয়ী খাঁড়ি দখল করে এমন এসি পার্টি অফিস গড়ার কথা ভাবা যায় না। তিনি আরো বলেন, যে সমস্ত তৃণমূলের নেতারা জনতার মাঝে নিজেদেরকে সতী সাবিত্রী হিসেবে পরিচয় দেন, তাদের কাছে অনুরোধ আপনারা যদি অতটাই সতী সাবিত্রী হন তাহলে খাঁড়ির বুকে বেআইনিভাবে গড়ে তোলা তৃণমূলের এসি পার্টি অফিসটি ভেঙ্গে দিন। পশ্চিমবঙ্গের নদী, খাল, বিল, পুকুর, খাঁড়ি দখল করেই বেচে রয়েছে তৃণমূলের নেতারা বলেও জানিয়েছেন তিনি।
যদিও এবিষয়ে বিদায়ী কাউন্সিলর তথা তৃণমূল নেতা শঙ্কর দত্ত জানান, দীর্ঘদিন আগেই পার্টি অফিসটি তৈরি হয়েছে। পুরো ভোটের আগে বিজেপি কোনো ইস্যু না পেয়ে ভিত্তিহীন অভিযোগ তুলেছে। বিষয়টি তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে।
আরএসপি নেতা প্রলয় ঘোষ বলেন, সাত বছর পর বিজেপির ঘুম ভেঙেছে। ভোটের মুখে সস্তা রাজনীতি চালাতে চাইছে। তবে কাগজপত্র দেখেই এর বিরুদ্ধে আন্দোলন করবেন তারা।

