সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ জুলাই: চাকরি দেওয়ার নাম করে চাকরি প্রার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ এবং অবিলম্বে টাকা ফেরতের দাবিতে আজ ওন্দা ব্লক তৃণমূল কার্যালয়ের সামনে অনশন শুরু করেছেন চাকরি প্রার্থীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওন্দায়।
এই অনশনে নেতৃত্ব দেন প্রিয়াঙ্কা গোস্বামী যিনি তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় ছদ্মবেশে হাজির হয়ে সরাসরি অভিযোগ
জানিয়েছিলেন দলের সেকেন্ড ইন কমান্ডকে। করোনাকালে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় চাকরি দেওয়ার নাম করে ওন্দা-সহ আশপাশের ব্লকের প্রায় ৭০ জন শিক্ষিত তরুণ তরুণীর কাছে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের ওন্দা ব্লকের সাধারণ সম্পাদক আশিস দে ও জনৈক বুদ্ধদেব মালগোপের বিরুদ্ধে। অভিযোগ, চাকরি প্রার্থীদের ওই স্বেচ্ছাসেবী সংস্থায় কাউকে ৪ মাস, কাউকে আবার ৬ মাস চাকরি করিয়ে বেতনও দেওয়া হয়নি। তখনই তাঁরা প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারেন। অভিষেক বন্দোপাধ্যায় ওন্দায় সভা করতে গেলে প্রিয়াঙ্কা গোস্বামী নামের এক প্রতারিত চাকরি প্রার্থী বৃদ্ধার ছদ্মবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির হয়ে বিষয়টি তাঁর নজরে এনেছিলেন। অভিযোগ জানানোয় একাধিকবার ওই চাকরি প্রার্থীকে হামলার মুখেও পড়তে হয় বলে অভিযোগ।
দীর্ঘ টালবাহানার পর অভিযুক্ত তৃণমূল নেতা আশিস দে’কে পুলিশ গ্রেফতার করে।
প্রতিবাদী চাকরি প্রার্থী প্রিয়াঙ্কা গোস্বামীর দাবি, পরে তৃণমূলের ওন্দা ব্লক সভাপতি উত্তম বিটের মধ্যস্থতায় আশিস তাঁকে টাকা ফেরত দেন। কিন্তু অন্যান্য প্রতারিত চাকরি প্রার্থীরা এখনও টাকা ফেরত পাননি। বাকি প্রতারিতদের টাকা ফেরত ও অভিযুক্ত তৃণমূল নেতা আশিস দে’কে দল থেকে বহিষ্কারের দাবিতে এদিন তৃণমূলের ওন্দা ব্লক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান প্রতারিতরা।
তৃণমূলের ব্লক সভাপতি উত্তমকুমার বিটের বক্তব্য, “তৃণমূলের ঝান্ডা ধরলেই তৃণমূলের লোক, এমন নয়। ও নাটক করছেন। টাকা নেওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন। তা নিয়ে মন্তব্য করব না বলে তিনি জানান।

