জয় লাহা, দুর্গাপুর, ২১ মে: গোটা রাজ্য যখন পথশ্রীতে মাতোয়ারা। তখন অন্যদিকে বেহাল রাস্তার জেরে নাকাল পথচলতি মানুষ। আর এই বেহাল রাস্তা সারানোর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির যুব মোর্চা। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের ২৮ নম্বর ওয়ার্ডের আইটিআই মোড়ে।
প্রসঙ্গত, দুর্গাপুর আইটিআই মোড় আন্ডারপাস থেকে এফসিআই পর্যন্ত বেহাল রাস্তা। খানাখন্দে ভর্তি। প্রায়দিন দুর্ঘটনা ঘটছে। দুর্গাপুর বিধাননগর থেকে স্টেশনগামী রাস্তা। রাস্তা বেহাল হয়ে পড়ায় চরম দুর্ভোগে সাধারণ পথচলতি মানুষ থেকে স্কুল কলেজ পড়ুয়া। রাস্তাটি সারাইয়ের দাবিতে বিজেপি যুব মোর্চা সরব হয়। রবিবার মুচিপাড়া থেকে প্রতিবাদ মিছিল করে এফসিআই গেট পর্যন্ত যায় আন্দোলনকারীরা। মাঝে ভাঙ্গাচোরা রাস্তার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপির যুব কর্মীরা। এফসিআই গেটের সামনে বাঁকুড়া- দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ এসে আন্দোলনকারীদের সরিয়ে দেয়।
বিজেপি যুব মোর্চার আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি সন্তোষ মুখার্জি বলেন, “প্রায়দিনই দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে রাস্তা সারাই না হলে বৃহত্তর আন্দোলন হবে।”

