স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ জুন: ডবলুবিসিএস পরীক্ষার ভেনু ইনচার্জের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয়ে।
উল্লেখ্য, রবিবার ছিল ডবলুবিসিএস পরীক্ষা। আর এই পরীক্ষায় করোনেশন উচ্চ বিদ্যালয়ের ভেনু ইনচার্জের দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক কালীচরণ সাহা। অন্যদিকে তার ছেলে পার্শ্ববর্তী শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবনে এবারে ডবলুবিসিএস পরীক্ষা দিলেন। এই তথ্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় শিক্ষামহলে।

প্রসঙ্গত, সরকারি নিয়ম অনুযায়ী কারোর নিকট আত্মীয় ডবলুবিসিএস পরীক্ষার্থী থাকলে সেই ব্যক্তি পরীক্ষা পরিচালন সংক্রান্ত কোনো দায়িত্বে থাকতে পারেন না। সেক্ষেত্রে কালীচরণবাবু কি করে এই নিয়ম লঙ্ঘন করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।
এ বিষয়ে কালীচরণ সাহাকে প্রশ্ন করা হলে তার সাফাই, তিনি প্রাতিষ্ঠানিক প্রধান হিসেবে বিদ্যালয়ে এসে চেয়ারে বসেছেন। কোনো কার্যসূচি পরিচালনা করেননি। তাঁর দাবি, তিনি নন, দায়িত্বে রয়েছেন শিক্ষক শিতিকন্ঠ দত্ত।
অন্যদিকে এ বিষয়ে শিতিকন্ঠ বাবুর সাথে কথা বললে তিনি জানান, প্রধান শিক্ষক তাকে পরীক্ষা পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তার কোনো লিখিত নথি নেই। মৌখিক দায়িত্ব দেওয়া হয়েছিল বলে তাঁর দাবি। পুরো বিষয়টি নিয়ে রীরিমতন গুঞ্জন ছড়িয়েছে জেলাজুড়ে।

