পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই: বিজেপি প্রার্থীর মামাকে মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার কেশপুর পঞ্চায়েত সমিতির ৫৮ নং আসনের বিজেপি প্রার্থী মমতা মাহাতর সমর্থনে কেশপুর ব্লকের অন্তর্গত ১ নম্বর অঞ্চলের উরামি গ্রামে প্রচারে যান বিজেপির ঘাটাল সাংগাঠনিক জেলার সভাপতি তন্ময় দাস। প্রচার শুরুর আগে সখীশোল গ্রামে পতাকা লাগানোর সময় বিজেপি কর্মী শ্যাম মাহাতোকে লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ।
শ্যাম মাহাত বিজেপি প্রার্থী মমতা মাহাতোর সম্পর্কে মামা হন। ভাগ্নির প্রচারে যাওয়ার আগেই আক্রান্ত হন মামা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির ঘাটাল সংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস ও কেশপুর বিজেপি এক নম্বর মন্ডলের সভাপতি প্রবীণ হালদার সহ বিজেপি নেতৃত্বরা। এরপর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যান।
আহত বিজেপি কর্মীকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। আঘাত গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যেই বিজেপির জেলা নেতৃত্ব আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন। যদিও এ বিষয়ে শাসক দলের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

