স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ এপ্রিল: রোগীর পরিজনকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো হাসপাতালের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সুপার
স্পেশালিটি হাসপাতালে।

জানাগিয়েছে, এদিন শহরের পুরাতনপল্লী এলাকার বাসিন্দা মীর হায়দার নামে এক ব্যক্তি তার মেয়েকে সঙ্গে নিয়ে ইসলামপুর হাসপাতালে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাওয়ার কারণে তাকে ঢুকতে বাধা দেন গেটে থাকা এক নিরাপত্তা রক্ষী। এনিয়ে বেধে যায় বচসা। বচসা চলাকালীন আশপাশ থেকে চলে আসেন অন্যান্য নিরাপত্তারক্ষীরা। সেই সময় আচমকা কোনও একজন নিরাপত্তারক্ষী বেধড়ক মারধর করে তার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয় পরিজনরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

