বিজেপির মহিলা কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, চাঞ্চল্য গড়বেতার হলদিনালাতে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: বিজেপি মহিলা কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের হলদিনালা এলাকায়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, গত পরশু রাতে অর্থাৎ শনিবার রাতে গড়বেতা ব্লকের হলদিনালা গ্ৰামের ১৩১ নং বুথের বিজেপির বুথ সভাপতি আন্না পাত্রের বাড়ির ভিতর ঢুকে দুষ্কৃতিরা অতর্কিতভাবে হামলা চালায় বলে অভিযোগ। মারধর করা হয় বিজেপির ওই মহিলা কর্মীকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গড়বেতা গ্ৰামীন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই কর্মী।

বিজেপি সূত্রে আরো জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গড়বেতা থানায়। ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে গড়বেতা থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দোষীদের গ্ৰেপ্তারের দাবি করছে বিজেপি নেতা শংকর গুছাইত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *