পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,২৭ আগস্ট: বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে ঢুকে ভাঙ্গচুর ও উপপ্রধানকে ধরে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ২ নং ব্লকের সাঁকোয়া গ্রাম পঞ্চায়েত অফিসে।

আজ বিকেলে স্থানীয় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী গ্রাম পঞ্চায়েতের অফিসের ভেতরে ঢুকে টেবিলের কাঁচ, চেয়ার ভাঙ্গচুর করে এবং উপপ্রধানকে ধরে মারধর চালায়, এমনটাই অভিযোগ। উপ প্রধান সহ বিজেপির পক্ষ থেকে আজ বিকেলে খড়গপুর লোকাল থানায় অভিযোগ জানায়। হঠাৎ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভেতরে ঢুকে ভাঙ্গচুর চালায় বলে দাবি উপপ্রধানের।

