Taldangra, Healt Officer, প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে অন্যত্র বিয়ের চেষ্টা, অভিযোগ তালডাংরা ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ ফেব্রুয়ারি: প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর এখন অস্বীকার করে অন্যত্র বিয়ে করার অভিযোগ উঠেছে এক ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে তালডাংরায়। ওই স্বাস্থ্য কেন্দ্রের এক স্বাস্থ্য কর্মী এই মর্মে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। আর জি কর কান্ডের পরেও রাজ্যের স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যার্থ রাজ্য সরকার বলে বিজেপি মন্তব্য করেছে।

মহিলা স্বাস্থ্য কর্মীর লিখিত অভিযোগে জানাগেছে, তালডাংরা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক ওই স্বাস্থ্য কেন্দ্রের এক মহিলা স্বাস্থ্য কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। দীর্ঘ সম্পর্কের কারণে তাদের শারীরিক সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি ওই আধিকারিক চিকিৎসক মহিলা স্বাস্থ্য কর্মীকে উপেক্ষা করে অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। এই খব‍র জানতে পেরে তিনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বিফল হন।

এদিকে এই ঘটনা জানাজানি হতেই নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্য দপ্তর। একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে। ওই মহিলা স্বাস্থ্য কর্মী সংবাদ মাধ্যমের কাছে কোনও কথা বলতে অস্বীকার করেন। অপরদিকে ওই স্বাস্থ্য অধিকারিক বেপাত্তা।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সোরেন জানিয়েছেন, ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, আর জি কর কান্ডের পরেও রাজ্য সরকারের টনক নড়েনি।এরাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যার্থ রাজ্য সরকার।অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে, তারপরই আসল তথ্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *