নির্বাচন বিধি ভঙ্গ করে স্কুল থেকে ছাত্রীদের সবুজসাথী প্রকল্পের সাইকেল বিলি করার অভিযোগ কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের বিরুদ্ধে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ ফেব্রুয়ারি: নির্বাচন বিধি ভঙ্গ করে স্কুল থেকে ছাত্রীদের সবুজসাথী প্রকল্পের সাইকেল বিলি করার অভিযোগ উঠল কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যাওয়ার পর শনিবার কালিয়াগঞ্জ শহরের মিলনময়ী গার্লস হাইস্কুল থেকে ছাত্রীদের বিতরণ করা হয়েছে সবুজসাথীর সাইকেল। এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি সহ কংগ্রেস ও বামফ্রন্ট নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে গতকালই কিষাণমান্ডি থেকেই সাইকেলগুলি দেওয়ার কথা ছিল কিন্তু বিকেলে নির্বাচনের দিন ঘোষণার পর সেটা আজ স্কুল থেকে দেওয়া হচ্ছে। এদিকে নির্বাচনের দিন ঘোষণার পর সরকারি প্রকল্প সবুজসাথীর সাইকেল দেওয়া নিয়ে জোর বিতর্ক দেখা দিয়েছে জেলার রাজনৈতিক মহলে।

শুক্রবার বিকেলেই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার সাথে সাথেই নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে। এদিকে শুক্রবার বিকেলে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পরই রাতের অন্ধকারে কালিয়াগঞ্জ কিষাণমান্ডি থেকে সবুজসাথী প্রকল্পের সাইকেল বের করে তা ছাত্রীদের দেওয়ার জন্য কালিয়াগঞ্জ মিলনময়ী হাইস্কুলে নিয়ে যাওয়া হয়। আজ শনিবার সেইসব সাইকেল মিলনময়ী হাইস্কুলের ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়। নির্বাচনের দিন ঘোষণার পর স্কুল থেকে সবুজসাথীর সাইকেল বিলি করা নিয়ে জোর বিতর্ক দেখা দিয়েছে। স্কুলের ছাত্রীদের সাইকেল দিয়ে প্রলোভন দেখিয়ে ভোট বৈতরণী পার করার চেষ্টা শাসক দল তৃণমূল কংগ্রেসের। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন এই কাজ করায় আমরা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাবো।

বামফ্রন্ট তথা সিপিএম একধাপ এগিয়ে শনিবারই কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছে। কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কমল ঘোষ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস নির্বাচনী বিধি মেনে চলে। সাইকেল বিলি করাটা প্রশাসনিক বিষয় এটা প্রশাসন বলতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *