খড়ার পৌরসভার সম্পত্তি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার খড়ার পৌরসভার চার নম্বর ওয়ার্ডে পৌরসভার বাড়িকে গোয়ালঘর হিসাবে দখল করে রেখেছেন বিজেপি কাউন্সিলর। আর তা নিয়ে অভিযোগ তুলে চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। অভিযোগ, চার নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বাবলু গাঙ্গুলি দীর্ঘদিন ধরে পৌরসভার ওই বাড়িটি ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত কাজে।

পৌরসভা সূত্র খবর, বামফ্রন্টের আমলে খড়ার পৌরসভার চার নম্বর ওয়ার্ডে আইসিডিএস সেন্টারের জন্য এটি বাড়িটি নির্মাণ করা হয়েছিল। বাড়িটি দীর্ঘদিন ধরে নিজের কাজে ব্যবহার করছেন খড়ার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। স্থানীয় তৃণমূল কর্মীদের প্রশ্ন কিভাবে একজন কাউন্সিলর এইভাবে পৌরসভার সম্পত্তি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারে। এই বিষয়ে খড়ার পৌরসভায় লিখিত অভিযোগ করেছেন এলাকার তৃণমূল কর্মীরা।

বিজেপি কাউন্সিল বলেন, দীর্ঘদিন বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়েছিল। বাড়িটিকে পরিষ্কার করে তিনি নিজের কাজের জন্য ব্যবহার করছিলেন। যেহেতু অভিযোগ আসছে তিনি বাড়িটি ছেড়ে দিতে রাজি আছেন বলে জানান।

খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলই জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *