জ্ঞানব্যাপী মসজিদে এএসআই সমীক্ষার নির্দেশ এলাহাবাদ কোর্টের, বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মসজিদ কমিটি

আমাদের ভারত, ৩ আগস্ট: জ্ঞানব্যাপী মসজিদে এএসআই সমীক্ষার উপর স্থগিতাদেশ তুলে নিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে এএসআই- এর বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দেয় এলাহাবাদ হাইকোর্ট। কিন্তু এরপরেই বিকেলের আগে এই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মসজিদ কমিটি। প্রধান বিচারপতির ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে জানাগেছে। জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আবেদন জানানো হয়েছে।

এর আগে একুশে জুলাই বারাণসী জেলা আদালত জানিয়ে দেয়, অজুখানায় থাকা শিবলিঙ্গ বাদে বাকি অঞ্চলের বৈজ্ঞানিক সমীক্ষা করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সেই নির্দেশ মেনে শুরু হয় সমীক্ষার কাজ। কিন্তু সমীক্ষা স্থগিত করতে চেয়ে শীর্ষে আদালতের কাছে আবেদন জানায় জ্ঞানব্যাপী মসজিদের ম্যানেজিং কমিটি। আদালতের নির্দেশে এএসআই সমীক্ষার বিরোধিতা করে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেছিল মসজিদ কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্ট ও এলাহাবাদ হাইকোর্ট একাধিকবার জ্ঞানব্যাপীতে বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। তবে বৃহস্পতিবার হাইকোর্ট রায় দেয় জ্ঞানব্যাপীতে এএসআই সমীক্ষা চলবে।

বারাণসি জেলা আদালত বৈজ্ঞানিক সমীক্ষার পেছনে উপযুক্ত যুক্তি দিয়েছে। সুবিচারের স্বার্থে জ্ঞানব্যাপী মসজিদে সমীক্ষার প্রয়োজন। ফলে খারিজ হয়ে যায় মসজিদ কর্তৃপক্ষের আর্জি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ফের নতুন করে মামলা দায়ের করে মসজিদ কর্তৃপক্ষ। তাদের তরফে বলা হয়েছে জ্ঞানব্যাপীতে এএসআই সমীক্ষার অনুমতি দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। তারই বিরোধিতা করে শীর্ষ আদালতের কাছে দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে। এই মামলার শুনানি কবে হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *