জ্ঞানবাপী মামলায় নতুন মোড়! মসজিদের শিবলিঙ্গের বয়স কি বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্ধারণ করা যায় এএসআইয়ের কাছে প্রশ্ন এলাহাবাদ আদালতের

আমাদের ভারত, ৮ নভেম্বর: জ্ঞানবাপী মসজিদে শিব লিঙ্গের বয়স নির্ধারণ করা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেনি এলাহাবাদ হাইকোর্ট। তবে আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধানের কাছে জানতে চেয়েছে শিবলিঙ্গ বা কাঠামোটির কোনো ক্ষতি না করে সেটির কার্বন-ডেটিং বা অন্যান্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক পরীক্ষা করা যায় কিনা। এ বিষয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধানের কাছে একটি লিখিত মতামত চেয়েছে আদালত।

এছাড়াও অন্যান্য পদ্ধতিতে যদি কাঠামোটির বয়স নির্ধারণ করা হয় তাহলে সেটি ক্ষতিগ্রস্ত হবে কিনা তাও জানতে চেয়েছে এলাহাবাদ হাইকোর্ট। কাঠামোটির সম্পূর্ণ নিরাপদ মূল্যায়ন করা যায় কিনা সে বিষয়ে সংস্থার প্রধানের মতামত জানতে চাওয়া হয়েছে। জ্ঞানবাপী মসজিদ নিয়ে আদালতের নির্দেশিত একটি সমীক্ষার সময় একটি কাঠামো পাওয়া গিয়েছিল মসজিদ প্রাঙ্গণের একটি পুকুরের মধ্যে। তারপর থেকেই হিন্দু পক্ষ সেটিকে শিবলিঙ্গ বলে দাবি করেছে। অন্যদিকে মুসলিম পক্ষ জানিয়েছে এটি একটি ঝর্ণা জাতীয় জিনিস।

বিচারপতি জে জে মুনিরের বেঞ্চ ১৪ই অক্টোবর বারানসি জেলা জজের আদেশের বিরুদ্ধে গিয়ে হিন্দু পক্ষে দায়ের করা দেওয়ানী পুনর্বিবেচনার পিটিশন দায়ের করার আদেশ দিয়েছিলেন। সেই সময় বিচারক কাছে উদ্ধার হওয়া কাঠামোটির বৈজ্ঞানিক পরীক্ষার চেয়ে হিন্দু পক্ষ যে আর্জি জানিয়েছিল তা খারিজ করে দিয়েছিল। জেলা বিচারক বলেছিলেন যে সুপ্রিমকোর্ট যেহেতু শিবলিঙ্গ পাওয়ার জায়গাটিকে রক্ষা করার নির্দেশ দিয়েছে, তাই বৈজ্ঞানিক তদন্তের আবেদনের অনুমতি দেওয়া যায় না। আদালতের আরও পর্যবেক্ষণ ছিল যে সেভাবে কাঠামোটির বৈজ্ঞানিক তদন্ত চাওয়া হয়েছিল তাতে কাঠামোটির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই বিরুদ্ধে হিন্দু পক্ষ এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়ে ছিল। তারপরই এলাহাবাদ হাইকোর্ট কাঠামোটির বৈজ্ঞানিক পরীক্ষা করা হলে সেটির কোন ক্ষতি হবে কিনা তা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে জানতে চেয়েছে।

চলতি বছরে শুরুতে পাঁচ হিন্দু মহিলা মসজিদের ভেতরে প্রার্থনার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিল। সেই সময় আদালতের নির্দেশে মসজিদের ভিতরে একটি ভিডিও সমীক্ষা করা হয়েছিল। সেই মামলার রায় দিতে গিয়ে বারানসি আদালত বলেছিল কার্বন ডেটিং এর মত কোন পরীক্ষা নির্দেশ দিলে এটা সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করা হবে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে মসজিদের ভেতরের অংশ সিল করা রয়েছে। গত মাসে ৫ জন হিন্দু আবেদনকারীর মধ্যে চারজন শিবলিঙ্গ সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে বৈজ্ঞানিক তদন্তের আবেদন জানিয়েছিল। কার্বন ডেটিং টেস্ট করে এই তদন্তের কথা তারা জানিয়েছিল। তাদের দাবি ছিল শিবলিঙ্গের বয়স নির্ধারণ করা জরুরি। মহিলাদের দাবি ছিল জ্ঞানব্যাপী মসজিদে ভিতরে হিন্দুদের দেবীর প্রাচীন মূর্তি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *