অতিমারী আবহে ছাত্র- ছাত্রীদের সমস্ত ফি মকুব কলকাতা বিশ্ববিদ্যালয়ের

রাজেন রায়, কলকাতা, ২৭ আগস্ট: করোনা অতিমারী আবহে দু’বছর ধরে বন্ধ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের স্বার্থে বড় সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের সমস্ত রকম সেমিস্টার ফি, টিউশন ফি মকুব করার সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি মার্কশিটের জন্যও কোনও টাকা লাগবে না বলেও জানানো হয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পড়ুয়ারা। আর্থিক সংকটে আছে অনেক পড়ুয়া ও তাদের পরিবার। ফি মকুব নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন অনেকদিন ধরেই বিক্ষোভ জানাচ্ছিল। বৃহস্পতিবার তাঁরা একটি ডেপুটেশন জমা দেয়। ঠিক তাঁর পরের দিন বিশ্ববিদ্যালয় তাঁদের দাবিকে সমর্থন জানিয়ে ফি মকুবের সিদ্ধান্ত ঘোষণা করল।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই ফি মকুবের সিদ্ধান্তে উপকৃত হবেন স্নাতকোত্তরের সাড়ে ১২ হাজার পড়ুয়া। উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দোপাধ্যায় জানিয়েছেন, “অতিমারিতে অনেক পরিবারের আয় কমেছে, অনেক ছাত্র-ছাত্রী অভিভাবক হারিয়েছেন। সেকথা মাথায় রেখে আমরা সমস্ত ফি মকুব করছি।” তিনি আরো জানান, “অতিমারি পরিস্থিতিতেও আমরা গ্রন্থাগার আংশিকভাবে খুলে রেখেছি। ছাত্রছাত্রীরা অনেকে যাঁরা বই ফেরত দিতে পারেননি আমরা তাঁদের লেট ফাইন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” ১৬ আগস্ট থেকে বিনা জরিমানায় গ্রন্থাগারের বই ফেরত নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়কে সামনে রেখে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই দাবি উঠতে পারে বলে আশা শিক্ষা মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *